২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-সিরিয়া শীর্ষ বৈঠকের সম্ভাবনা

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামী মাসে শীর্ষ বৈঠকে বসতে পারেন। ফ্রান্সে ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈরী দেশদুটির মধ্যে পরোক্ষ শান্তি আলোচনায় সম্পৃক্ত ইসরায়েলি কর্মকর্তারা এমন প্রস্তাব দিচ্ছেন বলে সোমবার জানিয়েছে ইসরায়েলি রাজনৈতিক সূত্রগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

জেরুসালেম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামী মাসে শীর্ষ বৈঠকে বসতে পারেন। ফ্রান্সে ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈরী দেশদুটির মধ্যে পরোক্ষ শান্তি আলোচনায় সম্পৃক্ত ইসরায়েলি কর্মকর্তারা এমন প্রস্তাব দিচ্ছেন বলে সোমবার জানিয়েছে ইসরায়েলি রাজনৈতিক সূত্রগুলো। গত মাসে তুরস্কের মধ্যস্থতায় ইসরায়েল-সিরিয়া শান্তি আলোচনা শুরু করেন এহুদ ওলমার্ট এবং বাশার আল-আসাদ। আগামী ১৩ জুলাই থেকে ফ্রান্সে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় দেশগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসাদ এবং ওলমার্ট উভয়ই ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। ওই সম্মেলনের সুযোগে দুই নেতার মধ্যে একটি পার্শ্ববৈঠক অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছেন কর্মকর্তারা। একটি সূত্র জানিয়েছে, "ঘন্টাব্যাপী বৈঠক হতে হবে বিষয়টি এমন নয়, দুজনের মুখোমুখি দেখা হওয়া, কথা বলা, যাতে করে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়।" সূত্রটি আরও জানায়, বৈরী দুই প্রতিপক্ষের মধ্যে আলোচনা এগিয়ে নিতে "তুরস্কের সর্বশেষ নতুন ভাবনা এটি"। সর্বশেষ ইসরায়েল-সিরিয়া সরাসরি শান্তি আলোচনা ২০০০ সালে ভেঙ্গে যায়। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের দখল করে নেওয়া গোলান মালভূমি সিরিয়াকে ফেরৎ দেওয়া নিয়ে একমত হতে পারেনি দুইপক্ষ। ইসরায়েল পুরো গোলান মালভূমি ফেরৎ দিতে রাজি না হলেও সিরিয়ার পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে যে কোনো শান্তি চুক্তির পূর্বশর্ত হচ্ছে পুরো গোলান মালভূমি ফেরৎ দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১০ ঘ.