কলম্বো, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলের ভানুনিয়া শহরে সোমবার সকালে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে অনেক স্কুলশিশু রয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।
ভানুনিয়ায় একটি পুলিশ স্টেশনের সামনে মোটরসাইকেল আরোহী এক আত্মঘাতী বোমারু ওই বিস্ফোরণ ঘটায়। তামিল গেরিলারা এ হামলা চালিয়েছে বলে দাবি করছে সেনাবাহিনী।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয়া নানায়েক্কারা বলেছেন, "ভানুনিয়া শহরে এক আত্মঘাতী বিস্ফোরণে ... ১২ জন নিহত হয়েছেন।"
সেনা মুখপাত্র আরও জানান, আহতদের মধ্যে অনেক স্কুলশিশু রয়েছে।
লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর সঙ্গে সরকার আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি ভেঙ্গে দেওয়ার পর উভয়পক্ষই হামলা জোরদার করেছে। গত বছর টাইগারদেরকে তাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি থেকে বিতাড়িত করতে সক্ষম হয় শ্রীলংকার সেনারা। এ বছরের মধ্যেই উত্তরাঞ্চলে তামিল নিয়ন্ত্রণাধীন এলাকার দখল নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
দেশটির সামরিক তথ্য অনুসারে দুপক্ষের সংঘর্ষে শুধু এ বছরেই ৪,০০০ হাজারেরও বেশি টাইগার গেরিলা এবং ৪৬০ জন সেনাসদস্য নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৩০ ঘ.
bdnews24