নাইরোবি, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার মাসাই মুর এলাকায় মঙ্গলবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
অরেঞ্জ ডেমোক্র্যাটিক পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন সড়কমন্ত্রী কিপকালা কোনেস ও সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী লরনা লাবোসো,। এছাড়াও পাইলটসহ এক নিরাপত্তা কর্মী বিমানটিতে ছিলেন।
মুখপাত্র সেলিম লোনে বলেন, "আমি নিশ্চিত করে জানাচ্ছি বিধ্বস্ত বিমানটিতে ওই দুই মন্ত্রী ছিলেন। তবে তারা নিহত হয়েছেন কিনা বলতে পারছি না। কিন্তু পুলিশ জানিয়েছে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন।"
নারোক জেলার পুলিশ প্রধান প্যাট্রিক অম্বানি জানিয়েছেন, বিমানের চার আরোহীর সকলেই মারা গেছেন।
অম্বানি বলেন, "বিমানটি একটি পড়ো বাড়ির ওপর আছড়ে পড়ে এবং আরোহীদের সকলেই এতে নিহত হয়।"
নাইরোবিতে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই বিমানটিতে দুই মন্ত্রীর যাওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ ঘ.
bdnews24