ইয়াঙ্গুন, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় দুর্গতদের আশ্রয়কেন্দ্র থেকে জোর করে বাড়ি ফেরানোর চেষ্টা বন্ধ করতে শনিবার মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলো স্থায়ী হয়ে যেতে পারে- এই আশঙ্কায় মিয়ানমার জান্তা গত শুক্রবার থেকে হাজার হাজার দুর্গত পরিবারকে জোর করে তাদের ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাড়িতে ফিরিয়ে দিতে শুরু করেছে।
২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির পর বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় নার্গিসে সরকারি হিসেব মতে এক লাখ ৩৪ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে। এছাড়া আশ্রয়হীন হয়েছে প্রায় ২৪ লাখ মানুষ।
কিন্তু দুর্গতদের অনেকের কাছে কোনো ত্রাণ সাহায্য পৌঁছেনি। বিদেশি সাহায্য সংস্থা এবং পশ্চিমা বিশ্ব অভিযোগ করছে মিয়ানমারের সামরিক জান্তার বাধা-নিষেধের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে।
ইয়াঙ্গুনে একটি সাহায্য সংস্থার এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, "এত বড় একটা ঘূর্ণিঝড়ের পর সামরিক জান্তা তাদের অবস্থান পরিবর্তন করছে না।"
তিনি জানান, সরকারি নিয়ন্ত্রণের কারণে দুর্গত এলাকায় ত্রাণবাহী গাড়ি বা জলযান পৌঁছাতে পারছে না। এমনি স্যাটেলাইটের মাধ্যমেও সেখানে যোগাযোগ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ইয়াঙ্গুনে দাবত্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মুখপাত্র ক্রিস ওয়েবস্টার বলেন, "এখন এই অবস্থায় দুর্গতদের ত্রাণশিবির থেকে বাড়ি ফিরতে বাধ্য করা হলে তাদের কাছে সাহায্য পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে।"
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস শনিবার এক বিবৃতিতে বলেন, "মিয়ানমারের জেনারেলরা ঘূর্ণিদুর্গতদের জোর করে তাদের বিধ্বস্ত বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, এটা অমানবিক।"
তিনি আরও বলেনে, "পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে দাবি করে মানুষকে আরও ভয়াবহ দুরবস্থা ও সম্ভাব্য মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ঠিক না।"
সরকার জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পর উদ্ধার ও ত্রাণ তৎপরতা শেষ হয়েছে। এখন তারা পুনর্গঠণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু জাতিসংঘ দাবি করেছে, গত ২ মে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় নার্গিসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আগামী ছয় মাস ত্রাণ তৎপরতা চালিয়ে যাওয়া উচিৎ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০৫ ঘ.
bdnews24