জেরুজালেম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘুষ কেলেঙ্কারিতে বিতর্কিত হয়ে পড়ার কারণে প্রধানমন্ত্রী ওলমার্টকে সরাতে দলের মধ্যেই ভোট অনুষ্ঠানের চিন্তা-ভাবনা করছে ইসরায়েলের ক্ষমতাসীন কাদিমা পার্টি। ভোটের সিদ্ধান্ত নিতে শিগগিরি বৈঠকে বসার পরিকল্পনা করেছেন পার্টি নেতারা। কাদিমার ঊর্ধ্বতন সদস্যরা শুক্রবার একথা জানিয়েছেন।
ইসরায়েলের বহুল প্রচারিত 'ইয়েদিয়ত আহরনত' পত্রিকায় প্রকাশিত জনমত জরিপের ফলে দেখা গেছে, অভ্যন্তরীণ ভোটে কাদিমা পার্টির নতুন নেতা নির্বাচন করা হলে পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনিই জয়লাভ করে ওলমার্টের স্থলাভিষিক্ত হবেন।
জরিপমতে, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনার প্রধান আলোচক লিভনি কাদিমা সদস্যদের ৩৯ শতাংশ সমর্থন পেয়েছেন। তার পরেই সমর্থনের দিক দিয়ে এগিয়ে রয়েছেন পরিবহণমন্ত্রী শাউল মোফাজ। তার সমর্থন ২৫ শতাংশ।
কিন্তু মারিভ ডেইলি পরিচালিত এক জরিপে দেখা গেছে, এ মুহূর্তে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে ওলমার্টের উত্তসূরী হিসাবে লিভনি ডানপন্থী লিকুদ পার্টি নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে হেরে যাবেন।
কাদিমা পার্টির সেন্ট্রাল কমিটি প্রধান এবং আইনপ্রণেতা টাচি হ্যানেগবি শুক্রবার ইসরায়েলি বেতারে বলেছেন, দলের নেতৃত্ব নির্ধারণী ভোটের প্রশ্নে কাদিমার প্রতিনিধিরা বৈঠক ডাকবেন ওলমার্ট আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করে ফিরে আসার পর।
ওদিকে, পার্টির কয়েকটি সূত্র জানিয়েছে, ওলমার্ট খুব শিগগিরি কাদিমা পার্টিকে এ ধরনের ভোট অনুষ্ঠান করতে দিতে চান না। যাতে তিনি মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ করে নিতে পারেন।
ওলমার্ট এর আগে কোনও ভুল করার কথা অস্বীকার করে বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন। কিন্তু পুলিশী তদন্তে এ ব্যাপারে মার্কিন ব্যবসায়ীর তালানস্কির সাক্ষ্যর পর প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ওলমার্টের পদত্যাগ দাবি করলেও এ ব্যাপারে তিনি এখনও অনড় রয়েছেন।
গত বুধাবর জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ওলমার্টকে পদত্যাগের আহ্বান জানান বারাক। কিন্তু ওইদিনই এক সহযোগীর মাধ্যমে ওলমার্ট বিষয়টি পরিস্কার করে দেন যে তিনি ক্ষমতা ছাড়ছেন না।
বৃহস্পতিবারও ডেনমার্কের প্রধানমন্ত্রীকে অভ্যার্থনা জানানোর অন্ষ্ঠুানে ওলমার্ট পদত্যাগ নিয়ে কোনো কথা বলেননি।
ওলমার্ট তার গতানুগতিক কূটনীতিক ধারায় বলেন, "সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হবে। সেখানে ইরানের নিয়ে পদক্ষেপ, আঞ্চলিক শান্তি প্রক্রিয়া, সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও বিশ্বব্যাপী ইসলামের কট্টোরপন্থার হুমকি নিয়ে আলোচনা হবে।"
আগামী সপ্তাহে ওলমার্টের ওয়াশিংটন সফর ও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ বা ইসরায়েলপন্থি লবিং গ্র"পের বার্ষিক সম্মেলনে বক্তৃতা সম্পর্কে পরিকল্পনা পরিবর্তনে এপর্যন্ত কোনো আভাস নেই।
এক মার্কিন ব্যবসায়ী প্রধানমন্ত্রী ওলমার্টকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করার একদিন পর বুধবার সংবাদ সম্মেলনে বারাক বলেন, "প্রধানমন্ত্রীর উচিৎ সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানো।"
ওলমার্টকে ছুটি নেওয়া অথবা ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তিনি সরে যেতে অস্বীকার করলে লেবার পার্টিকে আগাম নির্বাচনের মতো পদক্ষেপ নিতে হতে পারে।
ওলমার্টের জোট সরকারের অন্যতম শরিক দল লেবার পার্টির নেতা বারাক বলেন, "আমি মনে করি তার আর ক্ষমতায় থাকা উচিৎ নয়। সরকারি কর্মকাণ্ড থেকে তার সরে দাঁড়ানো উচিৎ।"
তিনি আরও বলেন, "সাময়িকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়া, ছুটি নেওয়া, পদত্যাগ করা বা নিজেকে অসমর্থ ঘোষণার মাধ্যমে ওলমার্ট সেটি করতে পারেন। সব পথই তার জন্য খোলা।"
ওলমার্টের নড়বড়ে জোট সরকারে বারাকের লেবার পার্টিই প্রধান শরিক দল। ফলে বারাকের দল সরকার থেকে বেরিয়ে গেলে নতুন নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হবে। আর এতে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া অবশ্যম্ভাবী।
ওলমার্ট অবশ্য আগেই বলেছেন, এ মামলায় অভিযুক্ত হলে তিনি পদত্যাগ করবেন। কিন্তু ইসরায়েলের প্রধান কৌসুলি মোসে ল্যাডর বলছেন, ওলমার্টের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে কিনা তা আগেভাগেই বলা যাচ্ছে না। পুলিশী তদন্ত শেষেই এ সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ঘ.
bdnews24