২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সরকারের সঙ্গে সুন্নি ব্লকের আলোচনা স্থগিত

ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারে পুনরায় যোগদান করা নিয়ে আলোচনা স্থগিত করে দিয়েছে প্রধান সুন্নি আরব ব্লক। মন্ত্রিপরিষদের একটি পদ নিয়ে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে বনিবনা না হওয়ায় বুধবার সুন্নি ব্লক আলোচনা স্থগিত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

বাগদাদ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারে পুনরায় যোগদান করা নিয়ে আলোচনা স্থগিত করে দিয়েছে প্রধান সুন্নি আরব ব্লক। মন্ত্রিপরিষদের একটি পদ নিয়ে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে বনিবনা না হওয়ায় বুধবার সুন্নি ব্লক আলোচনা স্থগিত করে। আরব সুন্নিদের সরকারে পুনরায় যোগদানে রাজি করানোটা যুদ্ধ বিধ্বস্ত ইরাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা প্রতিষ্ঠা করার যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেননা ইরাকের মন্ত্রিপরিষদ নিয়ন্ত্রণ করছে শিয়া এবং কুর্দিরা। সেখানে সুন্নিদের প্রভাব খুব সামান্যই। সুন্নি আরব ব্লকের মুখপাত্র সালিম আল- জিবুরি বলেন, "আমরা সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছি এবং আমাদের প্রার্থীতা প্রত্যাহার করেছি।" সেইসঙ্গে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মালিকি মন্ত্রিসভায় এক সুন্নি প্রার্থীর পদ নিয়ে অসম্মতি জানালে তারা ওই সিদ্ধান্ত নেয়। জিবুরি আরও জানান, মালিকি সুুন্নিদের পরিকল্পনা মন্ত্রণালয়ের মনোনয়ন বাতিল করে দিলে তারা মন্ত্রিসভার আরও ছয় প্রার্থীর তালিকা প্রত্যাহার করে নেয়। তিনি আরও বলেন, মালিকি সুন্নি ব্লককে সমঝোতা হিসেবে অতিরিক্ত একটি পদ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে মালিকির পক্ষের কোনো কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে সুন্নি ব্লক আগস্টে ইরাকি জেলে আটক সুন্নি বন্দিদের মুক্তি দাবি করে মালিকি'র জাতীয় ঐক্য সরকার থেকে বেরিয়ে আসে। ২০০৬ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই মালিকি সংখ্যাগরিষ্ঠ শিয়াদের সমর্থন দিচ্ছেন বলে সুন্নিদের ব্যাপক সমালোচনার শিকার হয়ে আসছেন। তবে বাগদাদ এবং বসরায় শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরুর পর সুন্নি আরব রাজনীতিবিদরা মালিকির প্রশংসা করেছেন। এছাড়াও ইরাকের সরকার নতুন একটি আইন করে সুন্নি বন্দিদের মুক্তি দেওয়াও শুরু করেছে। মঙ্গলবার সুন্নি নেতা এবং ইরাকের ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাসেমি আশা প্রকাশ করে জর্ডানে সাংবাদিকদের বলেছেন, "মতভিন্নতা সত্ত্বেও সরকারে ফিরে আসার ব্যাপারে তাৎপর্যপূর্ণ আগ্রগতি হয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলোতে সমস্যা সমাধান হয়ে যাবে এবং সুন্নি ব্লক জাতীয় ঐক্য সরকারের ফিরে আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৭ ঘ.