২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধপরাধের জন্য কঙ্গোর সাবেক যুদ্ধবাজ নেতা বেম্বা গেপ্তার

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সাবেক যুদ্ধবাজ নেতা জ্যঁ পিয়েরে বেম্বা-কে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাকে গ্রেপ্তার করা হয়। এ আন্তর্জাতিক অপরাধ আদালতের নিজস্ব তদন্তের ভিত্তিতে যুদ্ধপরাধের অভিযোগে আটক প্রথম ব্যক্তি বেম্বা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

কিনশাসা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সাবেক যুদ্ধবাজ নেতা জ্যঁ পিয়েরে বেম্বা-কে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাকে গ্রেপ্তার করা হয়। এ আন্তর্জাতিক অপরাধ আদালতের নিজস্ব তদন্তের ভিত্তিতে যুদ্ধপরাধের অভিযোগে আটক প্রথম ব্যক্তি বেম্বা। ২০০২-২০০৩ সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে খুন-ধর্ষণ-লুটতরাজ চলিয়ে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধপরাধ সংঘটনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। আইসিসি'র ওয়েবসাইটে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, "লিবারেশন মুভমেন্ট অব কঙ্গোর (এমএলসি) শীর্ষ কমান্ডার জ্যঁ পিয়েরে বেম্বা গম্বো'র বিরুদ্ধে যুদ্ধপরাধের চারটি অভিযোগ রয়েছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধের দুটি অভিযোগ রয়েছে। ২৫ অক্টোবর ২০০২ থেকে ১৫ মার্চ ২০০৩ সালের মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এসব অপরাধ সংঘটিত হয়।" ২০০৬ সালে ডি আর কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে জোসেফ কাবিলার কাছে পরাজিত হন বেম্বা। অবশ্য কাবিলার পরই সবচেয়ে বেশি ভোট পান তিনি। নির্বাচনের পর রাজধানী কিনসাসায় কাবিলার প্রেসিডেন্সিয়াল গার্ডদের সঙ্গে বেম্বার বাহিনীর লড়াইয়ে কয়েকশ' মানুষ প্রাণ হারান। এর আগে কঙ্গোর অন্তবর্তী সরকারের চারজন ভাইস প্রেসিডেন্টের একজন ছিলেন তিনি। পারিবারিক সূত্রে কঙ্গোর অন্যতম শীর্ষ ধনী বেম্বা। জীবনের নিরাপত্তাহীনতায় ভোগার কথা বলে গত বছর দেশ ছাড়েন বেম্বা। এরপর থেকে তিনি পর্তুগালে বসবাস করছিলেন। ২০০২/২০০৩ সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বিদ্রোহিদের হাত থেকে রক্ষা করে প্রেসিডেন্ট আঙ্গে ফেলিক্স পাটাসি'র সরকারকে মদদ দিতে সেখানে হস্তক্ষেপ করেন বেম্বা। এসময় সেখানে খুন-ধর্ষণ-লুটতরাজের রাজত্ব কায়েম করে বেম্বার বাহিনী। অবশ্য স্থানীয় বিদ্রোহী নেতা ফ্রাঙ্কো বোজিজে অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আঙ্গেকে পরাস্ত করে ক্ষমতায় আসেন এবং তিনি বর্তমানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। আইসিসি'র আইনজীবী লুই মরিনো ওকাম্পো ২০০৭ সালের মে মাসে বেম্বার বিরুদ্ধে যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের এ মামলার তদন্ত শুরু করেন। বেম্বাকে গ্রেপ্তার করায় বেলজিয়াম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০৫ ঘ.