ইসলামাবাদ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর পেশাওয়ারে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ দুই জন নিহত এবং তিনজন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা জুমা খান শনিবার সকালে গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার সময় একটি বোমা বিস্ফোরিত হলে গাড়ির চালকসহ তিনি নিহত হন।
পাকিস্তানের অধিকাংশ আত্মঘাতী হামলাই উত্তর পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী শহরগুলোতে হয়ে থাকে।
পুলিশের বোমা নিস্ক্রিয়করণ বিভাগের এক কর্মকর্তা বলেন, "দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। ওই বিস্ফোরণে তিনজন পথচারী আহত হয়েছে।"
২০০৭ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রায় কয়েকশ' লোক নিহত হয়েছে। পাকিস্তানের নবনির্বাচিত সরকার ইসলামপন্থী বিদ্রোহীদের হামলা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৪৬ ঘ.
bdnews24