ফিনিক্স, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন শুক্রবার তার স্বাস্থ্য সম্পর্কিত ৪শ' পাতার ডাক্তারি দলিল প্রকাশ করছেন। প্রেসিডেন্সির কঠোর পরিশ্রম, চাপ সহ্য করার মতো স্বাস্থ্য এবং সক্ষমতা তার আছে কিনা - এ নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতেই ম্যাককেইন ডাক্তারি কাগজপত্র দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাককেইনের বয়স আগস্টে ৭২ বছর হবে। নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট।
ম্যাককেইনের বয়সটাই বেশিরভাগ মার্কিনির জন্য উদ্বেগের কারণ। প্রাণবন্ত প্রচারাভিযানের মধ্য দিয়ে ম্যাককেইন এ পর্যন্ত নানা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা চালিয়ে এসেছেন। কিন্তু তার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত ডাক্তারি কাগজপত্র তিনি এখনও জনসম্মুখে প্রকাশ করেননি।
তিনি এখন এ কাজটিই করতে যাচ্ছেন। সাংবাদিকদের একটি দলকে এইসব ডাক্তারি দলিল পড়ে দেখার জন্য তিনঘন্টা সময় দেওয়া হবে। অ্যারিজোনা অঙ্গরাজ্যে মায়ো ক্লিনিকের শাখার কাছে একটি হোটেলের কনফারেন্স রুমে সাংবাদিকরা এগুলো পড়ে দেখবেন। তারা এগুলো থেকে নোট নিতে পারবেন। কিন্তু এগুলো কপি করতে পারবেন না।
২০০০ সালে অ্যারিজোনার সিনেটর ম্যাককেইনের মুখমন্ডলে স্কিন ক্যান্সার সন্দেহে বড় ধরনের একটি অপারেশন হয়েছে। ভিয়েতনামের যুদ্ধবন্দী শিবিরে থাকার কারণে তার শরীরে নির্যাতনের চিহ্ন আছে এবং হাড়ও ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।
ডাক্তারি দলিলে তার মুখমন্ডলের অপারেশনের বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ম্যাককেইন তার যাবতীয় ডাক্তারি কাগজপত্র দেখাবেন।
চর্মরোগের ডাক্তারের কাছে নিয়মিতই চেকআপ করেন ম্যাককেইন। স্কিনের কোনো বড় ধরনের সমস্যা আর তার ধরা পড়েনি। তাছাড়া, ডাক্তারি কাগজপত্রেও অবাক করার মতো কিছু থাকবে না বলেই আশা করছেন ম্যাককেইন।
বৃহস্পতিবার সাংবাদিকদের ম্যাককেইন বলেন, "স্বাস্থ্য এখন চমৎকার আছে এমনটিই দেখবেন আপনারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৬৪৫ ঘ.
bdnews24