চেংডু, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে গত ১২ মে'র প্রলয়ঙ্করী ভূমিকম্পে নিহত ও নিখোঁজের সংখ্যা ৭০,০০০ এ পৌঁছেছে বলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।
সিচুয়ান প্রদেশের ভাইস গভর্নর লি চেংইউ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই প্রদেশেই নিহতের সংখ্যা ৩৯,৫০০। পাশ্ববর্তী অন্য প্রদেশগুলোয় আরও কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এছাড়া এখনও সবমিলিয়ে প্রায় ৩২,০০০ মানুষ নিখোঁজ রয়েছে। অন্যদিকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২,৪৫,০০০ জনে।
চীনা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল মৃতের সংখ্যা সবমিলিয়ে ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে তারা।
সপ্তাহজুড়ে ধ্বংসস্তুপ সরিয়ে মৃত ও নিখোঁজদের উদ্ধারতৎপরতা চলতে থাকার সময়ই পরপর বেশ কয়েকটি ভূমিকম্পের পরাঘাত সৃষ্টি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিচুয়ান ও এর আশপাশের এলাকায়। নতুন ভূমিকম্পের আতঙ্কে মানুষজন ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ে।
তবে এর মধ্যেও মঙ্গলবার ভূমিকম্পের আটদিন পর একটি বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংসস্তুপ থেকে ৩১ বছর বয়স্ক একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভাগ্যবান ওই ব্যক্তির নাম মা ইউয়ানজিয়াং। ওয়েনচুয়াং কাউন্টিতে তাকে উদ্ধার করা হয়। ১৭৯ ঘন্টা ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থেকেও আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন তিনি।
ওদিকে, নতুন ভূমিকম্প ও ভূমিকম্পের পরাঘাতের কারণে উদ্ধারতৎপরতা ব্যাহত হচ্ছে। একইসঙ্গে সেখানে বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংডুতে মঙ্গলবার তাঁবুতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছেন কয়েক হাজার মানুষ। নতুন ভূমিকম্পের আশঙ্কায় বাড়িতে থাকার সাহস পাচ্ছেন না তারা।
এ অবস্থায় বৃষ্টি শুরু হলে আশ্রয়শিবিরগুলোতে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ মানুষকে খাবার ও প্রয়োজনীয় জরুরি ত্রাণ সরবরাহে হিমশিম খেতে হবে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উদ্ধারকর্মীদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৮১৭ ঘ.
bdnews24