২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম কমাতে সৌদিকে চাপ দিতে বুশকে সিনেটরদের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবকে আরও বেশি তেল উত্তোলনের মাধ্যমে অশোধিত তেল এবং গ্যাসোলিনের দাম কমানোর জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট দলের নেতারা। তারা সোমবার এক চিঠির মাধ্যমে বুশকে প্রতি এ আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 08:35 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ওয়াশিংটন, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবকে আরও বেশি তেল উত্তোলনের মাধ্যমে অশোধিত তেল এবং গ্যাসোলিনের দাম কমানোর জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট দলের নেতারা। তারা সোমবার এক চিঠির মাধ্যমে বুশকে প্রতি এ আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা ওই চিঠিতে জানান, "আমরা আপনাকে সৌদি সরকারকে তেলের দাম কমানোর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করার এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি, মার্কিন চালকরা জ্বালানির জন্য উচ্চ মূল্য দিচ্ছে, তাদের প্রতি যত দ্রুত সম্ভব দাম কমানোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।" বুশ মঙ্গলবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। এই সফরে তিনি সৌদি আরবও সফর করবেন। ওই সময় সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হতে পারে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বুশের এই সফরে তিনি সৌদি বাদশা আব্দুল্লাহ'র সঙ্গে বৈঠক করে তেলের উচ্চমূল্যের সমস্যা নিয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ এ সোমবার অশোধিত তেলের মূল্য ছিল রেকর্ড পরিমাণ। প্রতি ব্যারেল অশোধিত তেল ১২৬ দশমিক ৪০ মার্কিন ডলারে বিক্রয় হয়েছে। তবে সৌদি আরবসহ অন্যান্য ওপেকভূক্ত দেশগুলো জানায়, বাজারে তেলের সরবরাহ রয়েছে। মার্কিন ডলারের দর পতন এবং বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের অধিক চাহিদার ফলে অশোধিত তেলের দাম বেড়ে গেছে। সিনেটর হ্যারি রেইড বলেন, "অশোধিত তেলের মূল্যের ওপর সৌদি আরবের যথেষ্ট প্রভাব রয়েছে।" তিনি জানান, বুশ প্রথমবার নির্বাচিত হওয়ার পর বলেছিলেন তেল শিল্পের সঙ্গে তার সম্পর্ক ওপেক দেশগুলোকে তেল উত্তোলন বৃদ্ধি করার জন্য রাজী করার ওপর কার্যকর প্রভাব ফেলবে। তারা বলেন, ওপেক গত বছর তিনবার ভোটাভুটির পর তেল উত্তোলন না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মানে মার্কিনিদের আয়ের একটা বড় অংশ গ্যাসের বর্ধিত মূল্যের পেছনে ব্যয় করতে হবে। ওই সিনেটররা বলেন, "আমরা আশা করছি সৌদি আরবের সঙ্গে আলোচনার সময় এ বিষয়টি সবার শীর্ষে থাকবে,আপনি যদি বাজার শান্ত করার জন্য সৌদি আরবকে তার সামর্থ্যরে মধ্যে কিছু করার জন্য রাজী করাতে পারেন তা মার্কিন চালকদের কিছুটা স্বস্তি দেবে।" হোয়াইট হাউসের প্রেস সচিব ডানা পেরিনো বলেন, "গ্যাসের উচ্চমূল্যের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়টি তিনি সৌদি আরবকে বিবেচনা করতে বলবেন কিনা? হ্যাঁ অবশ্যই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৩০ ঘ.