ওকলাহোমা সিটি, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের মিসৌরি ও ওকলাহোমা রাজ্যে শনিবার রাতের টর্নেডোতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রাজ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মিসৌরির জরুরি ব্যবস্থাপনা সংস্থার সুইস স্টোনার বলেছেন, সেখানে টর্নেডোর কবলে পড়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই মারা যান ওকলাহোমা সীমান্তবর্তী নিউটন কাউন্টিতে।
তিনি জানান, "টর্নেডোর আঘাতে বিধ্বস্ত অনেক যানবাহন ও স্থাপনার ধ্বংসস্তুপ রয়েছে সেখানে। উদ্ধারকাজ চলছে এবং আরও প্রাণহানির আশঙ্কা নাকচ করে দেয়নি পুলিশ।"
ওদিকে ওকলাহোমা রাজ্যের ছোট শহর পিচার-এ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
ওকলাহোমার জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মিশেলান ওটেন জানান, "সেখানকার ২৪টি ব্লকের একটি এলাকা প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।"
শনিবার রাতে টর্নেডোর পরপরই উদ্ধারকাজ শুরু হলেও দিন শুরুর আগে ক্ষয়ক্ষতির প্রকৃতচিত্র পাওয়া যাবে না বলে বলেছেন উদ্ধারকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫৫ ঘ.
bdnews24