লন্ডন, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লন্ডনের চেলসিতে মঙ্গলবার একটি বাড়িতে পুলিশি তল্লাশি চলাকালে এক বন্দুকধারী নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
চেলসির মার্কহাম স্কয়ারের কিংস রোডের কাছে সন্ধ্যার ব্যস্ত সময়ে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুধু বন্দুকধারীই নিহত হয়েছেন। তবে বন্দুকধারী পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময়ে নিহত হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তারা তা জানাননি।
পুলিশ জানায়, বন্দুকধারীকে বাইরে বের করে আনার জন্য একজন মধ্যস্থতাকারীকে নিয়োগ করেছিলেন তারা। তবে সেখানে কোনো জিম্মি ছিল না বলেও জানান তারা।
অভিযানের কারণ সম্বন্ধে কিছু না জানালেও এটা ডাকাতি বা চুরির ঘটনা নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, ওই সময়ে ওই ব্যক্তির কাছে একটি শটগান ছিল এবং সে ছয় রাউন্ড গুলি বর্ষণ করে।
ঘটনার সময় আশপাশের বাড়ির লোকজনকে দরজা বন্ধ করে ঘরে অবস্থান করতে বলা হয় এবং তাদের জানালার পাশে যেতে বারণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এএমটি/১৪১৭ ঘ.
bdnews24