বাগদাদ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিরা সোমবার ইরাকের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি টহল চৌকিতে হামলা চালিয়ে ১০ ইরাকি সেনাকে হত্যা করেছে। এ হামলায় আহত হয়েছে আরও ১৩ ইরাকি সেনা। মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
তবে এ হামলা সম্পর্কে বিস্তারিত জানায়নি মার্কিন সেনাবাহিনী। অবশ্য নাম প্রকাশ না করার শর্তে ইরাকি সেনাবাহিনীর এক সূত্র জানিয়েছে, ১০ ইরাকি সেনাকে গুলি করার পর তাদের শিরচ্ছেদ করা হয়।
সেনাবাহিনীর ওই সূত্র জানায়, দিয়ালা প্রদেশের বালাদ রুজ শহরে এই ঘটনা ঘটেছে। এর আগে গত সপ্তাহে এই শহর থেকে পুলিশ ৭৫ জন সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিকে আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর পেগি কাগেলিরি বলেন, "তাদের ওপর হামলা করা হয়েছে যারা ইরাকের নাগরিকদের রক্ষা করার জন্য কাজ করছে। আর ইরাকে আল কায়েদার বর্বর আচরণের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে এই হামলা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২৩৯ ঘ.
bdnews24