হারারে, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেওয়ার পর শুক্রবার প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জানিয়েছেন তিনি নির্বাচনে লড়বেন। তবে বিরোধীরা নির্বাচন কমিশনের এই ঘোষণাকে মেনে নিতে পারছে না। কিন্তু বিরোধীরা নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী আইন অনুযায়ী মুগাবে প্রেসিডেন্ট হয়ে যাবেন। এ অবস্থায় বিপাকে পড়েছে দেশটির প্রধান বিরোধী দল।
জিম্বাবুয়ের নির্বাচন কমিশন শুক্রবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে জানায়, প্রথম দফায় নির্বাচনে বিরোধী নেতা মরগান সাভাঙ্গিরাই প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে হারালেও তিনি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদেরকে দ্বিতীয় দফায় নির্বাচনে লড়তে হবে।
নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা লাভমোর সেকেরামাই শুক্রবার জানান, গত ২৯ মার্চের নির্বাচনে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তার বিপক্ষে প্রেসিডেন্ট মুগাবে পেয়েছেন ৪৩ দশমিক ২ শতাংশ ভোট।
মুগাবের এক সহযোগী জানিয়েছেন, তিনি প্রথম দফায় নির্বাচনের ফল মেনে নিয়েছেন এবং দ্বিতীয় দফায় নির্বাচন করবেন। তবে এমডিসি কমিশনের ফল প্রকাশ ও দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণাকে 'দিনে-দুপুরে ডাকাতি' বলে অভিহিত করেছে।
তবে এক্ষেত্রে এমডিসি'র জন্য নির্বাচনে অংশ গ্রহণ ছাড়া খুব বেশি বিকল্প নেই। কেননা সাভাঙ্গিরাই নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী আইন অনুযায়ী মুগাবে প্রেসিডেন্ট হয়ে যাবেন। তবে দ্বিতীয় দফায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা শক্তিগুলো।
এমডিসি'র এক মুখপাত্র জানিয়েছেন, সাভাঙ্গিরাই দ্বিতীয় দফা নির্বাচনে লড়বে কিনা বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সপ্তাহের শেষের দিকে সিদ্ধান্ত নেবেন দলের নীতি নির্ধারকরা ।
এর আগেই নির্বাচন কমিশনের ভোট পুনর্গণনার ফলাফলকে প্রত্যাখ্যান করে এমডিসি। নির্বাচনে তাদের নেতা ৫০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে মুগাবেকে পরাজিত করেছেন বলে তারা দাবি করে।
প্রেসিডেন্ট নির্বচনের ফল প্রকাশ নিয়ে বিলম্বের কারণে জিম্বাবুয়েতে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা বাড়ছে। এছাড়া এই অচলাবস্থার প্রভাব ইতিমধ্যে পড়েছে দেশটির অর্থনীতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৪৭ ঘ.
bdnews24