কাঠমান্ডু, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মাওবাদীদের শীর্ষ নেতা প্রচন্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন।নেপালের মাওবাদীদের সঙ্গে কোনো মার্কিন ঊর্ধতন কর্মকর্তার এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। যদিও নেপালের মাওবাদী দলটি এখনও ওয়াশিংটনের 'সন্ত্রাসবাদী' তালিকাভুক্ত।
১০ এপ্রিল নেপালের জাতীয় গণপরিষদ নির্বাচনে মাওবাদীরা দেশটির একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। এর আগে দলটি ২০০৬ সালে দীর্ঘ এক দশকের সশস্ত্র সংগ্রাম পরিহার করে সরকারের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করে।
কাঠমান্ডুতে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, নেপালের নতুন সংবিধান রচনার ক্ষমতা সম্পন্ন গণপরিষদ নিয়ে মাওবাদীদের পরিকল্পনা সম্পর্কে এবং নেপাল যুক্তরাষ্ট্রের ভবিষ্যত সম্পর্ক কেমন হবে তা নিয়েও প্রচন্ডর সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রদূত।
বিবৃতিতে বলা হয়েছে, "যুক্তরাষ্ট্র নেপাল সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা করতে যাওয়ার আগে এই বৈঠক করলেন পাওয়েল।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, "উন্নত, গণতান্ত্রিক এবং সুস্থির নেপাল গঠনের জন্য মার্কিন সরকারের সহযোগিতার বিষয়টিই পাওয়েল উপস্থাপন করেছেন।"
মাওবাদীদের কেন্দ্রীয় পরিষদের সদস্য দীননাথ শর্মা রয়টার্সকে জানান, মাওবাদীরা নির্বাচনে জয় লাভ করার পর এই বৈঠক মাওবাদীদের সঙ্গে ওয়াশিংটনের সন্ধির ইঙ্গিতবাহী।
তিনি বলেন, "সংকেতগুলো ইতিবাচক যে তারা শিগগিরই আমাদের ওপর থেকে সন্ত্রাসীর তকমা সরিয়ে ফেলবে।"
একইসঙ্গে তিনি বলেন, "আমরা একটি সুষ্ঠু নির্বাচনে জয় লাভ করেছি এই সত্যকে তারা কিভাবে অস্বীকৃতি জানাবে।"
বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র মাওবাদীদের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে এগিয়ে এসেছে।
ওদিকে দৈনিক 'রাইজিং নেপাল'র প্রধান সম্পাদক যুবনাথ লামসাল বলেন, "মাওবাদীদের গণতান্ত্রিক দল হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদানের শুরু এটা।"
মার্কিন রাষ্ট্রদূত মাওবাদীদের তাদের রাজনৈতিক প্রক্রিয়া একং কার্যক্রমের মাধ্যমে তাদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান।
মাওবাদীরা ইতোমধ্যেই নিজেদের রাজনৈতিক নীতির সংস্কার শুরু করেছে। ঢালাও জাতীয়করণের মতো নীতি থেকে সরে এসে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো এবং সরকার ও ব্যক্তিমালিকানাধীন অংশীদারিত্বমূলক পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দিয়েছে তারা। ধারণা করা হচ্ছে এর ফলে এশিয়ার দরিদ্রতম দেশটির জনগণের জীবন যাপনের অবস্থার উন্নত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৮ ঘ.
bdnews24