হারারে, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের নির্বাচন কমিশন শুক্রবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। কমিশন জানিয়েছে, প্রথম দফায় নির্বাচনে বিরোধীনেতা মরগান সাভাঙ্গিরাই প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে হারালেও তিনি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদেরকে দ্বিতীয় দফায় নির্বাচনে লড়তে হবে।
নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা লাভমোর সেকেরামাই জানিয়েছেন, গত ২৯ মার্চের নির্বাচনে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তার বিপক্ষে প্রেসিডেন্ট মুগাবে পেয়েছেন ৪৩ দশমিক ২ শতাংশ ভোট।
যাচাই বাছাই শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বিরোধীদল এমডিসি'র এক মুখপাত্র কমিশনের এই ঘোষণাকে 'দিনে-দুপুরে ডাকাতি' বলে অভিহিত করেছেন।
তিনি জানান, দলের নীতি নির্ধারকরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
এর আগেই নির্বাচন কমিশনের ভোট পুনগণনার ফলাফলকে প্রত্যাখ্যান করেছে এমডিসি। নির্বাচনে তাদের নেতা ৫০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে মুগাবেকে পরাজিত করেছেন বলে তারা দাবি করে।
প্রেসিডেন্ট নির্বচনের ফল প্রকাশ নিয়ে বিলম্বের কারণে জিম্বাবুয়তে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা বাড়ছে। এছাড়া এই অচলাবস্থার প্রভাব ইতিমধ্যে পড়েছে দেশটির অর্থনীতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১৫ ঘ.
bdnews24