জাতিসংঘ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে নিশ্চিহ্ন করে দেবেন বলে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বুধবার জাতিসংঘে অভিযোগ করেছে ইরান।
গত ২২ এপ্রিল হিলারি ক্লিনটন বলেছিলেন, প্রেসিডেন্ট হলে এবং ইরান ইসরায়েলে পরমাণু হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবে। এবিসি টেলিভিশনের 'গুড মর্নিং আমেরিকা' অনুষ্ঠানে হিলারি বলেন, "ইরানবাসী জেনে রাখুন, আমি প্রেসিডেন্ট হলে ইরান আক্রমণ করব।"
হিলরি আরও বলেন, "আগামী দশ বছরে ইরান হয়তো ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর মতো বোকামি করতে পারে। যদি তারা তা করে তাহলে আমরা ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেব।"
হিলারির ওই মন্তব্যের নিন্দা জানিয়ে বুধবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে একটি চিঠি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মেহদি দানিশ-ইয়াজদি। চিঠিতে তিনি হিলারির বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন।
দানিশ-ইয়াজদি জানান, ইরান তার বিরুদ্ধে সকল অভিযোগ বিশেষ করে গণবিধ্বংসী পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করছে।
চিঠিতে তিনি বলেন, "এছাড়া আমি আমার সরকারের অবস্থান আবারও তুলে ধরে বলছি, কোনো দেশে হামলার ইচ্ছা ইরানের নেই। কিন্তু আক্রান্ত হলে নিজেকে রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে ইরান দ্বিধা করবে না।"
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা বানোনোর চেষ্টা করছে। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এফএইচবি/১৬০৫ ঘ.
bdnews24