২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছরেই মধ্যপ্রাচ্য শান্তিচুিক্ত নিয়ে আশাবাদী বুশ

আগামী বছরের জানুয়ারিতে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি করা সম্ভব হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ওয়াশিংটন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বছরের জানুয়ারিতে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি করা সম্ভব হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মে মাসে মধ্যপ্রাচ্য ইসরায়েল ও মিসর সফরে যাচ্ছেন বুশ। এ সময় তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করে শান্তিচুক্তির জন্য তাদের উৎসাহিত করবেন। ৮ থেকে ১৩ মে'র ওই সফরে তিনি সৌদি আরবেও যাবেন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের আনাপোলিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন করেন বুশ। সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা চলতি বছরের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে রাজি হন। এর পর থেকে দুপক্ষের মধ্যে মধ্যস্ততা জোরদার হয়েছে। কিন্তু গত সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট বুশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে সাক্ষাৎ করে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চলতি বছরের মধ্যে শান্তি চুক্তির ব্যাপারে হতাশা ব্যক্ত করেন। তার পরও আশাবাদী বুশ। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি এখনও আশাবাদী, আমার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা একটা চুক্তি করতে পারব।" তবে তিনি অভিযোগ করেছেন, হামাস শান্তি প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা করছেন। যদিও হামাস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের সরাসরি সমালোচনা করেননি। গত জুন থেকে গাজা এলাকার নিয়ন্ত্রণ হামাসের হাতে। তাদেরকে বাদ দিয়েই শান্তিচুক্তির চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্র। হামাসকে শান্তি আলোচনায় অর্ন্তভূক্ত করার চেষ্টা হিসেবে গত সপ্তাহে হামাস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে জিমি কার্টার। তবে বুশ জানিয়ে দিয়েছেন, হামাসের সঙ্গে তিনি কোনো ধরণের আলোচনায় যাবেন না। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে। বুশ বলেন, "মধ্যপ্রাচ্য ও বিশ্ব শান্তির জন্য তারা একটি বড় সমস্যা। কাজেই তাদের সঙ্গে কোনো আলেচনায় আমি যাচ্ছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.