২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম: ওপেক প্রেসিডেন্ট

পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও তেলের দাম ব্যারেল প্রতি ২০০ মার্কিন ডলারে উন্নীত হওয়ার আশঙ্কাকে নাকচ করে দিচ্ছেন না ওপেক প্রেসিডেন্ট শাকিব খেলিল। এর অন্যতম কারণ হিসেবে মার্কিন ডলারের দরপতনকে চিহ্নিত করেছেন তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা -ওপেকে'র প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

আলজিয়ার্স, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও তেলের দাম ব্যারেল প্রতি ২০০ মার্কিন ডলারে উন্নীত হওয়ার আশঙ্কাকে নাকচ করে দিচ্ছেন না ওপেক প্রেসিডেন্ট শাকিব খেলিল। এর অন্যতম কারণ হিসেবে মার্কিন ডলারের দরপতনকে চিহ্নিত করেছেন তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা -ওপেকে'র প্রেসিডেন্ট। আলজেরিয়ার সরকার পরিচালিত 'এল মোদজাহিদ' পত্রিকার সোমবারের সংস্করণে এ খবর জানানো হয়েছে। এল মোদজাহিদ তাদের প্রতিবেদনে বলেছে, তেলের দাম ২০০ মার্কিন ডলারে উন্নীত হওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে একটা সময়ে এমনটা ঘটার সম্ভাবনাকে নাকচ করে দেননি ওপেক প্রেসিডেন্ট খেলিল। বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, তেলের এ দামবৃদ্ধি এখন থেকে মার্কিন ডলারের দর হ্্রাসবৃদ্ধির ওপর নির্ভর করবে। ওপেক প্রেসিডেন্ট খেলিল বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং বর্তমানে তিনি আলজেরিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। খেলিলের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, "মৌলিক হিসেব-নিকেষে দেখা যাচ্ছে পর্যাপ্ত মজুদ রয়েছে, চাহিদা স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে এবং সরবরাহও সন্তোষজনক আছে। তাই স্বাভাবিকভাবেই, ভূ-রাজনৈতিক সমস্যা কিংবা ডলারের দরপতন না হলে তেলের দাম এই পর্যায়ে থাকবে না।" তিনি বলেন, "তেলের দাম বাড়ার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা ও সংকট। যে সংকট বেশ কয়েকটি দেশকে প্রভাবিত করছে। ডলারের মান কমে যাওয়ার ক্ষেত্রে এই পরিস্থিতির একটা প্রভাব রয়েছে। আর তাই প্রত্যেক বারই ডলারের যখন ১ শতাংশ দরপতন হয় তখন তেলের দাম ব্যারেল প্রতি ৪ ডলার বেড়ে যায়। অবশ্যই একটার সঙ্গে অপরটি জড়িত।" আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে গত রোববার সাংবাদিকদের কাছে দেওয়া খেলিলের বক্তব্যের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, "এটা (ডলার) ১০ শতাংশ শক্তিশালী হলে (তেলের) দাম ৪০ শতাংশ পর্যন্ত কমা সম্ভব।" খেলিল বলেন, "এখন থেকে এ বছরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে তা বাজার স্থিতিশীল হতে সাহায্য করবে।" খেলিল আরও বলেন, "তবে আমি মনে করি না উৎপাদন বৃদ্ধি দাম কমিয়ে আনতে সাহায্য করবে। কারণ, সরবরাহ ও চাহিদার মধ্যে একটা ভারসাম্য রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বতর্মানে রেকর্ড পরিমাণ গ্যাসোলিন উদ্বৃত্ত আছে। এর পরিমাণ গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি।" ওদিকে 'এল বাতেন' নামের একটি পত্রিকা খেলিলের বরাত দিয়ে জানিয়েছে, মুদ্রা বাজারে ডলারের মান বর্তমানের মতো একই থাকলে তেলের দাম আগামীতে ব্যারেল প্রতি ৮০ থেকে ১১০ মার্কিন ডলারের মধ্যে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০৮ ঘ.