সিঙ্গাপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসরকারি ইক্যুইটি প্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত বরাদ্দের তুলনায় বেশি বিনিয়োগ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বড় ধরনের ঝুঁকি নিচ্ছে। ব্যাংকটির পর্যালোচনা বিভাগের গোপন নথির বরাত দিয়ে সোমবার এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের ফাইনানশিয়াল টাইমস।
ফাইনানশিয়াল টাইমস জানায়, এডিবি বেসরকারি ইক্যুইটি প্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত সীমার (পাঁচ শতাংশ) চেয়ে বেশি বিনিয়োগ করছে।
তবে এডিবির বহিঃসম্পর্ক বিভাগের পরিচালক আন কুয়োন জানান, এ সংক্রান্ত প্রতিবেদন এখনও চূড়ান্ত হয়নি। এ জন্য এডিবি এখনই সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করবে না।
তুলনামূলক গরীব দেশগুলোকে ক্ষুদ্রতর ঋণের তুলনায় এডিবি চীন বা ভারতের মতো মধ্যম আয়ের দেশগুলোকে বড় ঋণ দেওয়ার ব্যাপারে 'বেশি আগ্রহ' দেখানোর জন্য অন্যতম তহবিল যোগানদার যুক্তরাষ্ট্র এর সমালোচনা করেছে।
সংস্থার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এ সপ্তাহে মাদ্রিদে একটি বৈঠক হবে। ২ ও ৩ মে ব্যাংকের বার্ষিক সাধারণ সভার আগে তহবিল সরবরাহের বিষয়ে দাতারা এ বৈঠকে আলোচনা করবে।
প্রভাবশালী ব্রিটিশ পত্রিকাটি জানিয়েছে, এডিবি বেশি বিনিয়োগ করার ব্যাপারে নিজস্ব আইন না মানার বিষয়টি নাকচ করেছে। এক ব্যাখ্যায় সংস্থাটি জানিয়েছে, তাদের মোট বিনিয়োগের পরিমাণ ১৩০ কোটি ডলারের সামান্য বেশি যা মোট সম্পদসীমার ১০ শতাংশ। এর মধ্যে বেসরকারি খাতে দেওয়া হয়েছে ৬৫ কোটি ডলার।
পত্রিকাটি জানায়, ২০০৩ থেকে এডিবি এ খাতে তাদের বিনিয়োগ বাড়িয়েছে। ৪০টির বেশি তহবিলে তাদের বিনিয়োগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/এমএ/১৪৫৫ ঘ.
bdnews24