২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে মিয়ানমারের নাগরিকদের সংবিধানবিরোধী বিক্ষোভ

মিয়ানমারে প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে রোববার সিঙ্গাপুরের মিয়ানমার দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে মিয়ানমারের কয়েকশ' নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

সিঙ্গাপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে রোববার সিঙ্গাপুরের মিয়ানমার দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে মিয়ানমারের কয়েকশ' নাগরিক। সিঙ্গাপুরে জনসম্মুখে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ এবং চারজনের বেশি জড়ো হতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। এই অবস্থায় বুকে 'নো' লেখা লাল টিশার্ট পরে শ'শ' বিক্ষোভকারী মিয়ানমার দূতাবাসের বাইরে জড়ো হয়। বিক্ষোভকারীরা জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের লিখিত নতুন সংবিধান গ্রহণ করা হবে, না কি প্রত্যাখ্যান করা হবে সে বিষয়ে চলতি সপ্তাহে ভোট দিতে পারবেন সিঙ্গাপুরে বসবাসরত মিয়ানমারের নাগরিকরা। জেমস নামের এক ছাত্র বলেন, "ভোট দেওয়ার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। ভোট না দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।" জেমসের সঙ্গে আসা এক নারী নিজের নাম প্রকাশ না করে জানান, "আয়োজকরা দূতাবাসে আসা সবাইকে লাল টিশার্ট, পানীয় এবং হালকা খাবার দিচ্ছে।" তবে সিঙ্গাপুর পুলিশের নির্দেশে আয়োজকরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালন করেছে। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন বৌদ্ধ ভিক্ষুকেও দেখা গেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে দূতাবাসের এক কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এছাড়া সিঙ্গাপুর পুলিশও রয়টার্সের সঙ্গে কিছু বলতে রাজি হয়নি। উইলিয়াম থেইন নামের এক আয়োজক বলেন, "আমাদের আশঙ্কা তারা আমাদের ভোট দিতে দেবে না। জনগণ নিশ্চিত, জান্তা সরকার আমাদের সঙ্গে প্রতারণা করবে।" তিনি আরও বলেন, "আমরা শুধু এই টিশার্ট ও ক্যাপ পরেছি এটা প্রদর্শণ করার জন্য যে জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের ওই অন্যায় প্রচেষ্টার বিরোধী।" মিয়ানমারের সামরিক জান্তা গঠিত একটি কমিটি গত ১৪ বছর ধরে নতুন সংবিধানের খসড়া প্রস্তুত করেছে। দেশটির নোবেল বিজয়ী নেত্রী অং সান সু কি'র নেতৃত্বাধীন প্রধান বিরোধীদল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এই সংবিধান প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৩০ ঘ.