ব্যাংকক, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সহস্রাধিক জাল পাসপোর্টসহ এক বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার থাই পুলিশ একথা জানিয়েছে।
পুলিশের মেজর-জেনারেল চাকতিপ চৈচিন্দা জানিয়েছেন, শনিবার রাতে ব্যাংককের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৬ বছর বয়সী মোহাম্মদ করিম নামের ওই বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে পাসপোর্ট তৈরির একটি অত্যাধুনিক যন্ত্র এবং সহস্রাধিক সমাপ্ত ও অসমাপ্ত পাসপোর্ট এবং অন্যান্য নথি-পত্র উদ্ধার করে।
অভিযানে বাড়িটি থেকে দুটি কম্পিউটার, একটি স্ক্যানার, তিনটি প্রিন্টার এবং বেশ কয়েকটি দেশের রাবার স্ট্যাম্পও উদ্ধার করেছে পুলিশ।
চাকতিপ রয়টার্সকে বলেন, "তিনি জাল পাসপোর্ট তৈরির কথা স্বীকার করেছেন," এবং জানিয়েছেন যে তার পার্টনার একজন মিয়ানমারের নাগরিক এবং তিনি পালিয়ে গেছেন।
উদ্ধারকৃত পাসপোর্টগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ফ্রান্স, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মাল্টাসহ বেশ কয়েকটি দেশের জাল পাসপোর্ট রয়েছে।
চাকতিপ বলেন, "এই লোক সম্পদশালী। তার একটি বিএমডব্লিউ আছে। তিনি জানিয়েছেন, প্রতি মাসে তার আয় প্রায় তিন থেকে চার লাখ বাথ (প্রায় ১০ হাজার মার্কিন ডলার)।"
চাকতিপ জানান, করিম ও তার পার্টনার সাধারণত থাইল্যান্ড ও মিয়ানমারের দালালদের কাছে এসব জাল পাসপোর্ট বিক্রি করত। পরে ওই দালালরা পতিতাবৃত্তি, সন্ত্রাসী ও চোরাকারবারী চক্রের সঙ্গে জড়িতদের কাছে তা বিক্রি করত।
করিম আদালতে দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাকতিপ বলেন, "গত চার থেকে পাঁচ বছরের মধ্যে এটাই সবচেয়ে বেশি জাল পাসপোর্ট ধরা পড়ার ঘটনা।
উল্লেখ্য, থাইল্যান্ডে পাসপোর্ট জালিয়াতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। থাই পুলিশ গত বছরও এর বিরুদ্ধে অভিযান চালিয়ে একশ' জাল পাসপোর্ট ও অন্যান্য নথি-পত্র উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৭ ঘ.
bdnews24