ম্যানিলা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এশিয়ার চাল সংকট অনেকটাই মানবসৃষ্ট বলে মন্তব্য করেছেন ফিলিপাইন ভিত্তিক আন্তর্জাতিক চাল গবেষণা ইন্সটিটিউট 'আইআরআরআই' বা 'ইরি'র শীর্ষস্থানীয় গবেষক। একইসঙ্গে জাতিসংঘসহ অন্যান্য সংস্থার শীর্ষ গবেষকরা বলেছেন, এশিয়ায় চাল ঘাটতির ভীতি অচিরেই দূর হচ্ছে না। তবে নতুন মৌসুমের ফসল ঘরে ওঠার পর ঘাটতির আশঙ্কা অনেকটাই কমে আসার কথা বলেও আশা প্রকাশ করেছেন তারা।
বিশ্লেষকরা বলছেন, চলমান এ সংকটে এ অঞ্চলের অনেক দেশের কৃষি উৎপাদন নীতিমালার ফলাফল এবং অতিমাত্রায় খাদ্য ভর্তুকিসহ বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে এমন অন্যান্য পদক্ষেপের নেতিবাচক দিক স্পষ্ট হয়ে উঠেছে।
পাশাপাশি এ অঞ্চলের সরকারগুলোকে দীর্ঘমেয়াদে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে চলমান সংকটকে একটি সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
সম্ভাব্য ঘাটতির আশঙ্কা এবং লাগামহীন দামবৃদ্ধির কারণে আতঙ্কিত হয়ে এশিয়ার বেশকিছু দেশ গত সপ্তাহগুলোতে তাদের প্রধান খাদ্য চালের রপ্তানি কমিয়ে দেয় এবং ভর্তুকি দিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের দাবি, এসব পদক্ষেপেরে কারণে মূল্যস্ফীতি আরও ত্বরান্বিত হয়েছে এবং জনমনে আতঙ্ক বেড়েছে।
একইসঙ্গে এসব পদক্ষেপকে দেশগুলোর চর্চিত অর্থনৈতিক সংষ্কার নীতিমালার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তারা।
চলমান সংকট প্রসঙ্গে ফিলিপাইন ভিত্তিক আন্তর্জাতিক চাল গবেষণা ইন্সটিটিউট 'ইরি'র সামাজিক বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত প্রধান র্যান্ডি বারকার বলেছেন, "বর্তমান চাল সংকট অনেকটাই মানবসৃষ্ট"।
তিনি বলেন, "রপ্তানি এবং এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমদানির ওপরও বিধি-নিষেধ আরোপ করে অনেকাংশে আমরাই এ অবস্থার সৃষ্টি করেছি। মজুদ গড়ে তোলার জন্যই দেশগুলো এসব করেছে।"
বাণিজ্য কর্মকর্তারা এখন বিশ্ব বাণিজ্য সংস্থা-কে (ডব্লিউটিও) আহ্বান জানাচ্ছেন খাদ্য উৎপাদক দেশগুলোকে রপ্তানি বজায় রাখার বিষয়ে চাপ দিতে। যাতে করে খাদ্য সংকটের ভয়াবহ পরিণতি রোধ করা যায়।
ম্যানিলায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা'র (এফএও) প্রতিনিধি কাজুইয়ুকি সুরুমি বলেছেন, "এ মুহুর্তে কোনো ঘাটতি নেই। কিন্তু দেশগুলোর জাতীয় খাদ্য নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেই নিয়ন্ত্রণ (রপ্তানির ওপর) আরোপ করা হয়েছে। এটা দেশগুলোর সরকারি সিদ্ধান্ত।"
তিনি আরও বলেন, "২০০৮ সালের ফসল তোলা শেষ হলে কিছু দেশের রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল হতে পারে কিংবা তুলে নেওয়া হতে পারে বলে আমি আশা করি।"
তবে খাদ্য সংকটের স্থায় সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24