কাঠমান্ডু, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীন এবং নেপালের মধ্যে বাণিজ্য এবং পর্যটন সম্পর্ক জোরদার করতে দেশ দুটির মধ্যে রেল সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যেই চীন তার রেলপথ তিব্বত থেকে বাড়িয়ে নেপাল সীমান্ত পর্যন্ত সম্প্র্রসারণের পরিকল্পনা করেছে। শনিবার নেপালের কর্মকর্তারা একথা জানিয়েছেন। নেপালের নির্বাচনে মাওবাদীদের জয় লাভের পরপরই চীন এই ঘোষণা দিল।
নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সঙ্গে শুক্রবার এক উর্ধ্বতন চীনা কর্মকর্তার বৈঠকের কৈরালার দপ্তরের বিশেষ সচিব বসন্ত গৌতম একথা জানান।
এই রেললাইন নির্মিত হলে বৃহৎ প্রতিবেশী ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমাতে নেপালকে সহায়তা করতে পারবে চীন। কেননা ঔষুধ, তেল এবং গাড়ির যন্ত্রাংশসহ প্রায় সবকিছুর জন্যই প্রতিবেশি ভারতের ওপর নির্ভর করে থাকে নেপাল।
নেপালের ওই কর্মকর্তা জানান, চীনের আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক আই পিং গত শুক্রবার প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, এই সংযোগ রেললাইন নির্মিত হলে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং কটূনৈতিক বন্ধন দৃঢ় হবে।
নেপালি প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠক সম্পর্কে বসন্ত গৌতম বলেন, "তারা এই প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করেছেন।"
তিনি আরও জানান, "এই রেলপথ সংযোগের নির্মাণকাজ পাঁচ বছরে শেষ হবে।"
চীনের সঙ্গে নেপালের প্রায় এক হাজার চার'শ কিলোমিটার বা আট'শ ৭০ মাইল সীমান্ত সংযোগ রয়েছে। তিব্বতের রাজধানী লাসা থেকে নেপাল-চীনের সীমান্তবর্তী শহর খাসা পর্যন্ত রেললাইন স্থাপনের পরিকল্পনা করেছে চীন।
গৌতম বলেন, "বিখ্যাত চীন-তিব্বত রেলপথের একটি বর্ধিত অংশ হবে এটি।"
২০০৬ সালের জুলাইতে নবনির্মিত চীন-তিব্বত রেলপথ চালু করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৫৫ ঘ.
bdnews24