২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধে মার্কিন-ব্রিটিশ কর্মকাণ্ডের সমালোচনায় কারজাই

আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সন্দেহভাজন তালেবান যোদ্ধা ও সমর্থকদের যথেচ্ছা গ্রেপ্তার বন্ধ করতে হবে এবং নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে তার সরকারের নেতৃত্বকে অবশ্যই মেনে নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

নিউ ইয়র্ক, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সন্দেহভাজন তালেবান যোদ্ধা ও সমর্থকদের যথেচ্ছা গ্রেপ্তার বন্ধ করতে হবে এবং নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে তার সরকারের নেতৃত্বকে অবশ্যই মেনে নিতে হবে। নিউ ইয়র্ক টাইমসকে শুক্রবার দেওয়া ওই সাক্ষাৎকারে কারজাই বলেন, তিনি চান মার্কিন সেনাবাহিনী সন্দেহভাজন তালেবান সদস্য এবং তাদের প্রতি সহানুভূতিশীলদের গ্রেপ্তার করা বন্ধ করুক। কেননা, আটকদের প্রতি অতীতের অসদাচারণের জন্য গ্রেপ্তার আতঙ্কের কারণে অস্ত্র ছেড়ে আত্মসমর্পণে নিরুৎসাহিত হচ্ছে তারা। ওই ধরনের গ্রেপ্তার বন্ধের বিষয়ে কারজাই বলেন, "এসব বন্ধ হতে হবে।" তবে তিনি জানান, নিরাপত্তা হেফাজতে আটকদের সঙ্গে অসদাচারণের বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য নেই। আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনে আল-কায়েদার সমর্থিত তালেবান সরকারের পতন হয়। সেই থেকে তালেবান যোদ্ধারা মার্কিন মদদপুষ্ট আফগান সরকারকে উৎখাত এবং দেশটিতে মোতায়েন বিদেশি সেনাদের বিতাড়নের চেষ্টা চালিয়ে আসছে। দেশটিতে শুধু গত দুই বছরের সহিংসতায় ৩৩০ জনের বেশি বিদেশি সেনাসহ প্রায় ১২০০ লোকের প্রাণহানি হয়েছে। আফগানিস্তানে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনে কারজাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাক্ষাৎকারে কারজাই আফগানিস্তানের গ্রামে গ্রামে সন্ত্রাসবিরোধী যুদ্ধ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনীর সমালোচনা করে বলেন, প্রকৃত হুমকির কেন্দ্র হচ্ছে প্রতিবেশী পাকিস্তানে অবিস্থত তালেবান ও আল কায়েদার নিরাপদ ঘাঁটিগুলো। তিনি বলেন, "একটা সময়ে, অবশ্যই এসব নিরাপদ ঘাঁটি থাকবে না।" তিনি আরও বলেন, গত বছরে বেসামরিক লোকের প্রাণহানি কমেছে বটে, কিন্তু এ ধরণের প্রাণহানি পুরোপুরি বন্ধ করা প্রয়োজন। কারজাই বলেন, "বেসামরিক লোকের প্রাণহানি কমে আসায় আমি খুশি নই; আমি বেসামরিক লোকের প্রাণহানির অবসান চাই। কেউ কেউ যুক্তি দেখাতে পারেন যে এ কাজ কঠিন। তবে আমি সে যুক্তি মানি না।" কারজাই আরও বলেন, "আমি আরও বলতে চাই যে আমেরিকায় আমাদের শরিকরা আমার উদ্বেগের বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এবং সে বিষয়ে সরল বিশ্বাসে পদক্ষেপ নিয়েছে।" আফগানিস্তানের স্বাধীনতাকে সুসংহত করার আহ্বান জানিয়ে কারজাই বলেন, "আফগানিস্তানে বিশ্বের সফলতার জন্য, আফগানিস্তানের নিজস্ব চরিত্র বুঝে তা সমর্থন এবং সে অনুসারে কাজ করাই হবে উত্তম।" কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে বসে নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কারজাই আরও বলেন, পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক ভালভাবেই শুরু হয়েছে। কারজাই বলেন, "আমি তাদের ইতিবাচক উদ্দেশ্য'র ব্যাপারে সত্যিকারেই আশাবাদী।" তিনি বলেন, "(পাকিস্তানের) বর্তমান সরকার সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর পূর্ণ সমর্থন পেলে তাদের যে ইতিবাচক উদ্দেশ্য আছে তার অগ্রগতি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫১৬ ঘ.