জেরুজালেম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/রয়টার্স)- গাজায় হামাসের ছয় মাসের যুদ্ধবিরতি প্রস্তাব শুক্রবার প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তারা জানিয়েছে, শান্তির পরিবর্তে যুদ্ধবিরতির অবসরে হামাস হামলার প্রস্তুতি সেরে নিতে চাইছে।
মিসরীয় মধ্যস্থতাকারীর সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার হামাস গাজায় ছয় মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এর আগে তারা দাবি করে আসছিল যুদ্ধবিরতি করতে হলে তা একইসঙ্গে গাজা এবং অধিকৃত পশ্চিম তীর এলাকায় কার্যকর হতে হবে। তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছে।
তবে হামাসের এই যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেও শুক্রবার পশ্চিম তীরের সীমান্ত এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ইসরায়েলের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। হামাস এবং ইসলামিক জিহাদ গ্র"প এই হামলার দায় স্বীকার করেছে। এছাড়া, ইসলামিক জিহাদ গাজা এলাকা থেকে ইসরায়েলের ওপর চারটি রকেট হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
হামাসের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতায় অনাগ্রহী ইসরায়েল। কেননা, এতে হামাসের প্রতিপক্ষ ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কর্তৃত্ব খর্ব হতে পারে। বিশেষ করে তিনি যখন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় শান্তিচুক্তির জন্য কাজ করছেন তখন ইসরায়েল হামাসের সঙ্গে কোনো সমঝোতা করলে আব্বাসের অবস্থান দুর্বল হয়ে যাবে।
তারপরও গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ইঙ্গিত দিয়েছিলেন, হামাস রকেট হামলা বন্ধ করছে। তারা গাজায় সামরিক অভিযান স্থগিত করতে পারে।
তারপরও হামাসের ছয় মাসের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় ওলামার্টের ডেভিড বেকার বলেন, "ইসরায়েল শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। কিন্তু হামাস সে পথে না গিয়ে কৌশলের আশ্রয় নিচ্ছে। যুদ্ধবিরতির জন্য তারা সময় বেঁধে দিয়েছে। তারা অস্ত্রসস্ত্র সংগ্রহ করে নিজেদের শক্তি সংহত করার সুযোগ নেবে।"
তিনি বলেন, "হামাস সন্ত্রাসী হামলা বন্ধ করে যুদ্ধবিরতি মেনে চললে ইসরায়েলের প্রতিরক্ষামূলক তৎপরতার প্রয়োজন পড়ে না। ইসরায়েল নিজেদের নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০৫ ঘ.
bdnews24