ব্যাংকক/ওয়াশিংটন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এশিয়ায় চালের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার শিকাগো বোর্ড অফ ট্রেড (সিবিওটি)-এ এশিয়ার শেয়ার বাজারের তথ্যে এ চিত্রই দেখা গেছে। থাইল্যান্ডের বাজারে চালের দাম চলতি সপ্তাহে পাঁচ শতাংশ বেড়ে টন প্রতি ১,০০০ ডলার হয়েছে, যা এ বছরের শুরুর দামের প্রায় তিনগুণ।
ব্যাংককের ব্যাসায়ীরা জানান, থাই বি গ্রেড সাদা চালের শীর্ষ স্থানীয় ক্রেতা ফিলিপাইনের চাহিদার কারণে বিশ্ব বাজারে এ চালের দাম টন প্রতি ১৩০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। সিবিওটি-তে এ বছর চালের দাম প্রায় ৮০ শতাংশ বেড়ে নতুন রেকড সৃষ্টি করেছে।
ইরান ও ইন্দোনেশিয়াও থাই চালের ক্রেতা এবং বছরে প্রায় ১০ লাখ টন চাল আমদানি করে থাকে। তবে এবছর এখন পর্যন্ত তারা কোনো চাল আমদানি করেনি। ইন্দোনেশিয়া জানিয়েছে, ফলন ভালো হওয়ায় এখন তাদের চাল আমদানির প্রয়োজন নেই।
এদিকে ভারত ও ভিয়েতনামের পর বুধবার থেকে ব্রাজিলও চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে থাইল্যান্ড জানিয়েছে, তারা চাল রপ্তানি বন্ধ করবে না, অভ্যন্তরীণ চাহিদা পূরণে পর্যাপ্ত মজুদ রয়েছে তাদের। গত বছরের শেষে অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে ভারতের চাল রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকে বিশ্ব বাজারে চালের সঙ্কট শুরু হয়।
চাল ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এর মধ্যেই আফ্রিকার কয়েকটি দেশ ও হাইতিতে দাঙ্গা হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশেও দাঙ্গার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে গণমাধ্যমগুলো। খাদ্য পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এর মধ্যেই অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারা ১০টি দেশের সরকারের সঙ্গে কথা বলেছেন বলে সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছে।
আইএমএফ মুখপাত্র মাসুদ আহমেদ বলেন, "সাধারণ নিয়ম অনুযায়ী যে দেশের মানুষের জন্য সাহায্য বেশি দরকার তারাই আগে পাবেন। তবে এক্ষেত্রে সহায়তার পাশাপাশি শুল্কসহ বেশ কিছু সংশ্লিষ্ট বিষয়ের প্রতি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারগুলোকে।"
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক জোসেত্তে শিরান জানান, বিশ্বে তেল ও খাদ্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা হঠাৎ করে বেড়ে ৪০ শতাংশে পৌঁছেছে। দাতা দেশগুলো ঘাটতি মোকাবলোয় সহায্যের জন্য এগিয়ে না আসলে ডব্লিউএফপি'র কার্যক্রম সীমিত করতে হবে।
যুক্তরাষ্ট্রেও সরবরাহ ঘাটতির ভয়ে সাধারণ মানুষের মধ্যে অধিক হারে চাল কেনার প্রবণতা (প্যানিক বায়িং) শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়াল-মার্টসহ বড় চেইন শপ গুলোর কর্মকর্তারা। যদিও দেশটির সরকার পর্যাপ্ত মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএমটি/১২৩১ ঘ.
bdnews24