আঙ্কারা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের ভেতরে ঢোকার সময় বুধবার উত্তর ইরাকে একদল কুর্দি গেরিলার ওপর গুলিবর্ষণ করেছে তুর্কি যুদ্ধ বিমান। তুরস্কের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
একটি সামরিক সূত্র উত্তর ইরাকে কুর্দি গেরিলাদের লক্ষ্য করে তুরস্কের তিনটি জেট বিমান থেকে বোমা নিক্ষেপ করার কথা বলার একদিন পরেই সেনাবাহিনী এ কথা জানালো।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, "একদল সশস্ত্র পিকেকে গেরিলা উত্তর ইরাকের হাকুর্ক অঞ্চল দিয়ে তুরস্কের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছিল। এ সময় বিমান থেকে গুলিবর্ষণ করে তাদের নিস্ক্রিয় করেছে।"
তবে বিবৃতিতে এর থেকে বেশি কিছু জানানো হয়নি। সাধারণত "নিস্ক্রিয়করণ" বলতে হত্যা করাকেই বোঝায়।
কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) এক মুখপাত্র বুধবার জানিয়েছেন, উত্তর ইরাকের একটি বিচ্ছিন্ন এলাকায় তুর্কি বাহিনী তাদের ওপর বোমা হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পিকেকে মুখপাত্র আহমেদ দানেশ তুর্কি সেনাবাহিনীর বিবৃতিকে অস্বীকার করে বলেছেন ওই হামলায় কোনো গেরিলা হতাহত হয়নি।
তিনি বলেন, "তুরস্কের খবর মিথ্যা। তুর্কি বাহিনী ও পিকেকে গেরিলাদের মধ্যে ইরাকের সিরনাক অঞ্চলে গতকাল একটি সম্মুখ সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষ চার ঘণ্টা স্থায়ী ছিল।"
তিনি দাবি করেন, "ওই সংঘর্ষে তুর্কি সেনারা নিহত ও আহত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24