২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে দালাই লামার সঙ্গে আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

তিব্বতের স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে তাদের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার বিরুদ্ধে কুৎসা রটানোর পরিবর্তে তার সঙ্গে আলোচনায় বসার জন্য চীনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিব্বতের স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে তাদের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার বিরুদ্ধে কুৎসা রটানোর পরিবর্তে তার সঙ্গে আলোচনায় বসার জন্য চীনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নিগ্রোপন্টে সিনেটের এক শুনানিতে বলেন, "চীন সরকারের উচিৎ তিব্বতের সংঘর্ষ এবং স্বাধীনতাবিরোধী দালাই লামার প্রতিনিধিত্বকারী তিব্বতিদের সঙ্গে আলোচনার সুযোগ গ্রহণ করা।" মার্চে তিব্বতে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর থেকে দেওয়া চীনের বিবৃতিগুলোর বিষয়ে তিনি বলেন, "প্রকাশ্যে দালাই লামার বিরুদ্ধে কুৎসা রটালে তা পরিস্থিতি শান্ত করার কাজে লাগবে না।" সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে নিগ্রোপন্টে বলেন, দালাই লামার সঙ্গে আলোচনায় বসার এবং তিব্বতের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কূটনৈতিক এবং অন্যান্য পর্যবেক্ষকদের তিব্বতে যেতে দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের প্রচেষ্টায় বেইজিংয়ের সাড়া দেওয়ার বিষয়টি 'মন্দের ভাল।' নিগ্রোপন্টে আরও বলেন, তিব্বতে কয়েক দশক ধরে সৃষ্ট দুঃখ-দুর্দশার সমাধান না করলে এবং তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার সঙ্গে একসঙ্গে কাজ করতে ব্যর্থ হলে চীন তিব্বতে স্থিতিশীলতা অর্জন করতে পারবে না। ১৪ মার্চ তিব্বতের রাজধানী লাসার দাঙ্গার জন্য বেইজিং দালাই লামাকে দায়ী করে আসছে। তবে দালাই লামা এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। চীন বলে আসছে, ওই দাঙ্গায় ১৯ জন নিহত হয়েছে। তবে তিব্বতের প্রবাসী সরকারের দাবি নিহতের সংখ্যা আরও অনেক বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩৫৮ ঘ.