কুয়ালালামপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেয়ে মালয়েশিয়ার সকল বন্দিশালা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। আবার তাদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েও বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। এই অবস্থায় অভিবাসী সমস্যাকে সামাজিক টাইম বোমা হিসেবে অভিহিত করেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন।
দুই কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ মালয়েশিয়ায় বর্তমানে ৩০ লাখ বিদেশি শ্রমিক কাজ করছে। তাদের মধ্যে ১০ লাখ শ্রমিকই অবৈধ।
অবৈধ অভিবাসী সমস্যাকে টাইম বোমার সঙ্গে তুলনা করে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সিবা সুব্রামানিয়াম মঙ্গলবার বলেন, "এটি একটি টাইম বোমা। বিষয়টি নিয়ে পুনরায় চিন্তা ভাবনা করা দরকার হয়ে পড়েছে।"
মালেশিয়ার বিভিন্ন বন্দিশালায় এই মুহূর্তে প্রায় দশ হাজার অবৈধ অভিবাসী আটক রয়েছে। ওই বন্দিশালাগুলোতে বন্দিদের গাদাগাদি করে থাকার মর্মান্তিক পরিস্থিতিকে মানবাধিকার সংস্থাগুলো "গুহার" সঙ্গে তুলনা করেছে।
সুব্রামানিয়াম বলেন, "এই জায়গাগুলো মোটেও স্বাস্থ্যকর নয় এবং ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি সেখানে আটক রয়েছে। দীর্ঘ দিন থাকার ফলে অনেকেই নিস্তেজ হয়ে পড়েছেন। এদের মধ্যে কয়েকজন মানসিকভাবে বিপর্যস্ত।"
লিংগিং বন্দিশালায় আটক মিয়ানমানের নাগরিকরা তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনে (ইউএনএইচসিআর) আবেদন করেছে। ইউএনএইচসিআর তাদের ওই আবেদন গ্রাহ্য করেনি- এমন খবর ছড়িয়ে পড়ার পর গত সোমবার ওই বন্দিশালায় দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বন্দিরা একটি ভবনে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিষয়ক কর্মকর্তারা।
ইউএনএইচসিআর জানিয়েছে, আবেদনকারী শরণার্থীদের তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা হবে না এমন কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তাদের বিষয়টি এখনও প্রক্রিয়াধীণ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৭১৫ ঘ.
bdnews24