জাতিসংঘ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দারফুরে গত পাঁচ বছরের সংঘর্ষে নিহতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের মানবকল্যাণ বিষয়ক সহকারি মহাসচিব জন হমস মঙ্গলবার একথা জানিয়েছেন।
দারফুরের সহিংসতা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই নতুন পরিসংখ্যানের কথা জানান।
হমস বলেন, "২০০৬ সালের একটি গবেষণায় দেখা গেছে সংঘর্ষের সমন্বিত প্রভাবে ২ লাখ লোক নিহত হয়েছে। ওই পরিসংখ্যান এখন আরও বেশি হবে এবং সম্ভবত আগের সংখ্যার আরও অর্ধেক বেড়ে থাকতে পারে তা।"
জাতিসংঘে নিয়োজিত সুদানের রাষ্ট্রদূত আব্দালমাহমুদ আব্দালহালিম ওই পরিসংখ্যান নাকচ করে দিয়ে একে ঢালাওভাবে অতিরঞ্জিত বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি জানান, জাতিসংঘ সাংবাদিকদের সতর্ক করে দিয়ে বলেছে এই পরিসংখ্যান কোনো বিজ্ঞান সম্মত অনুমান নয় বরং এটা "জ্ঞাত তথ্যের ওপর ভিত্তি করে যুক্তি সম্মত পরিসংখ্যান।"
সুদানের রাষ্ট্রদূত বলেন, সরকারের আগের হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা নয় হাজার এবং বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজারে। সেই সঙ্গে তিনি আরও বলেন, এটা শুধু সংঘর্ষে নিহতের পরিসংখ্যান, কেননা দারফুরে কোনো দুর্ভিক্ষ বা মহামারি নেই।
আব্দালহালিম রয়টার্সকে বলেন, "হমসের মন্তব্যগুলো সহযোগিতাপূর্ণ নয়, সঠিক নয় এবং বিশ্বাসযোগ্য নয়।"
তিনি আরও বলেন, "আমাদেরকে তার বলা উচিৎ এ গবেষণা কে করেছে, কার উদ্যোগে এবং কিভাবে করা হয়েছে।"
হমস বলেন, ২০০৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র (ডব্লিউএইচও) পরিচালিত গবেষণায় দেখা গেছে দারফুরে নিহতের সংখ্যা দুই লাখ। তবে একইসঙ্গে তিনি আরও জানান, দারফুরে নিহতের সংখ্যা নির্ধারন করার জন্য নতুন কোনো বিজ্ঞান সম্মত গবেষণা পরিচালনা করার পরিকল্পনা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩২৪ ঘ.
bdnews24