ইসলামাবাদ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে গত বছর জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ যেসব বিচারককে বরখাস্ত করেছিলেন তাদেরকে কীভাবে পুনর্বহাল করা যায় সে ব্যাপারে চূড়ান্ত কৌশল নিতে সোমবার বৈঠকে বসছেন ক্ষমতাসীন জোটের নেতারা।
বিশ্লেষকরা মনে করছেন, সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারকদের পুনর্বহালের বিষয়টি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ঘনিষ্ঠ মিত্র সাবেক জেনারেল মুশাররফের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হবে। কেননা, গত ফেব্র"য়ারির সাধারণ নির্বাচনে মুশাররফের মিত্ররা পরাজিত হওয়ার পর অনেকটা একা হয়ে পড়েছেন তিনি।
এছাড়া বিচারকদের পুনর্বহালের বিষয়টি মুশাররফের ক্ষমতায় থাকার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকে।
কারণ, আততায়ী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) এর মধ্যে বর্তমানে যে জোট হয়েছে তার অন্যতম প্রধান শর্ত হচ্ছে বিচারকদের পুনর্বহালের এ বিষয়টি।
বেনজিরের স্বামী পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি জোট গঠনের ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে একটি অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ প্রায় ৬০ জন বিচারককে পুনর্বহাল করতে রাজি হয়েছেন। অধ্যাদেশ জারির সে সময়সীমা এ মাসেই শেষ হয়ে যাওয়ার কথা।
পুনরায় বিচারক পদে নিয়োগ পেলে কিছু বিচারক মুশাররফের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বৈধতার বিষয়ে চ্যালেঞ্জ জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে বিদায়ী পার্লামেন্টের সদস্যদের ভোটে দ্বিতীয় মেয়াদের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মুশাররফ। তবে তার সমালোচকরা অভিযোগ করে আসছেন যে, ওই প্রক্রিয়া অসাংবিধানিক ছিল ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৮১৩ ঘ.
bdnews24