তেহরান, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের নিরাপত্তা সমস্যার জন্য তেহরানকে দায়ী করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস 'ইরান ভীতি' তৈরি করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় রোববার এই অভিযোগ করেছে।
রাইস গত সপ্তাহে জানিয়েছিলেন, বুধবার কুয়েতে অনুষ্ঠেয় বৈঠকে তিনি ইরাক সরকারকে আরও বেশি সহযোগিতা করা ও ইরানের ক্ষতিকারক প্রভাব থেকে ইরাককে রক্ষা করার জন্য ইরাকের প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে আহ্বান জানাবেন।
ইরাকের প্রতিবেশী হিসেবে ইরানও ওই বৈঠকে যোগ দেবে।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি বলেন, "রাইসের ওই বক্তব্য নতুন কিছু নয়। মার্কিন কর্মর্তারা সব সময় ইরান ভীতি তৈরি করার নীতি মেনে চলে।"
তিনি আরও বলেন, "আমরা আজ ইরাকে যে অবস্থা দেখতে পাচ্ছি তা মার্কিন প্রশাসনের ভুল নীতির ফল। তারা এখন ইরাকে যে সমস্যার মুখোমুখি হচ্ছে সেগুলো বাইরের সৃষ্টি বলে চালাতে চাইছে।" ইরাকে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে বলে তিনি জানান।
ওয়াশিংটন অভিযোগ করে আসছে ইরাকের বিদ্রোহীদের অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরান। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
হোসেইনি জানান, ইরাকের বিষয়ে আরও বেশি কিছু করার জন্য তারা আরব রাষ্ট্রগুলোকে উৎসাহ যোগাবে।
তিনি বলেন, "ইরাকের বিষয়ে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আমরা তাদের উৎসাহ দিয়ে আসছি। এজন্য বাগদাদের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন, সেখানে দূতাবাস খোলা এবং ইরাকের রাজনৈতিক প্রক্রিয়ায় সমর্থন দিতে হবে।"
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কুটনৈতিক সম্পর্ক না থাকলেও ইরাকের নিরাপত্তা বিষয়ে গত বছর তিন দফা আলোচনায় বসে উভয় দেশের কর্মকর্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৫ ঘ.
bdnews24