২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকে অবমাননা না করার আহ্বান নেপালের মাওবাদীদের

নেপালের মাওবাদী নেতা প্রচান্দা শনিবার বলেছেন, রাজা জ্ঞানেন্দ্রকে স্বসম্মানে তার প্রাসাদ ত্যাগ করতে দেওয়া এবং সাধারণ নাগরিকদের মত জীবনযাপন করতে দেওয়া উচিৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

কাঠমান্ডু, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের মাওবাদী নেতা প্রচান্দা শনিবার বলেছেন, রাজা জ্ঞানেন্দ্রকে স্বসম্মানে তার প্রাসাদ ত্যাগ করতে দেওয়া এবং সাধারণ নাগরিকদের মত জীবনযাপন করতে দেওয়া উচিৎ। 'কাঠমান্ডু পোস্ট'কে দেওয়া এক সাক্ষাতকারে প্রচান্দা বলেন, "সিংহাসন থেকে তাড়ানোর জন্য রাজার সঙ্গে খারাপ ব্যবহার করা ঠিক হবে না।" রাষ্ট্রীয় টেলিভিশনেও তিনি একই ধরণের মন্তব্য করেন। প্রচান্দা আরও বলেন, "এমনকি রাজা প্রাসাদ ত্যাগ করার পরও তাকে নিজের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কর্মকাণ্ড চালাতে দেওয়া উচিৎ। এছাড়া তিনি চাইলে রাজনীতিতেও সংশ্লিষ্ঠ থাকতে পারেন।" রাজা জ্ঞানেন্দ্রের সঙ্গে সাক্ষাত করতে পারলে খুশি হবেন জানিয়ে তিনি বলেন, "তার সঙ্গে দেখা করার জন্য আমি প্রস্তুত আছি।" প্রচান্দার পর সবচেয়ে প্রভাবশালী মাওবাদী নেতা বাবুরাম ভট্টরায় জানিয়েছেন, রাজাকে প্রাসাদ ছাড়ার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। রয়টার্সকে তিনি বলেন, "জনগণ যে রায় দিয়েছে রাজাকে তা মেনে নেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে।" নেপালে গত ১০ এপ্রিলের ঐতিহাসিক নির্বাচনের ভোট গণনা এখনো চলেছে। এ যাবত ঘোষিত ২২২টি আসনের ফলাফলে মাওয়াবীরা পেয়েছে ১১৭টি। মাওবাদীদের সঙ্গে সরকারের ২০০৬ সালে সম্পাদিত শান্তি চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই নির্বাচন। ওই চুক্তির আওতায় সাবেক মাওবাদী গেরিলারা তাদের দশকব্যাপী সশস্ত্র সংগ্রাম ত্যাগ করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয়। দেশটির ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটাতে মাওবাদীরা কয়েক দশক ধরে লড়াই করে এসেছে। নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রধান কাজ হবে নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে কয়েক শতকের রাজতন্ত্র থেকে মুক্ত করে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে যাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২৫ ঘ.