২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরায় মাহদি আর্মির শক্ত ঘাঁটি ইরাকি সেনাদের দখলে

বসরায় ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুগত মাহদি আর্মির একটি শক্ত ঘাঁটি শনিবার দখল করে নিয়েছে ইরাকি বাহিনী। ইরাকি বাহিনী এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

বসরা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসরায় ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুগত মাহদি আর্মির একটি শক্ত ঘাঁটি শনিবার দখল করে নিয়েছে ইরাকি বাহিনী। ইরাকি বাহিনী এ কথা জানিয়েছে। এদিকে বাগদাদের দক্ষিণাঞ্চলীয় সদর সিটিতে শুক্রবারের গোলাগুলির পর রাতব্যাপী সেখানে সংঘর্ষ হয়েছে। পুলিশ জানিয়েছে, এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে প্রায় ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদরের মাহদি আর্মি মিলিশিয়াদের দমনে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির কঠোর দমনাভিযানের মাসখানেক পর শুক্রবার থেকে বসরায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার সকালে সেখানে বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বসরায় ইরাকি বাহিনীর কমান্ডার লে. জেনারেল মোহন আল-ফারাইজি রয়টার্সকে জানান, বসরায় মাহদি আর্মির অন্যতম শক্ত ঘাঁটি হাইয়ানিয়া এলাকা তার সেনারা দখল করে নিয়েছে। তিনি বলেন, "আমাদের সেনারা সামনে অগ্রসর হচ্ছে এবং এখন তারা হাইয়ানিয়ার কেন্দ্রভাগে ঢুকে পড়েছে। তবে সেখানে এখন আর কোনো সংঘর্ষ হচ্ছে না। অস্ত্রসহ কাউকে পেলেই গ্রেপ্তার করা হচ্ছে।" জেনারেল ফারাইজি আরও বলেন, "আমরা এখন সন্ত্রাসীদের ধাওয়া করে নিয়ে যাচিছ এবং গ্রেপ্তার করছি। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে অভিযান সফলভাবে শেষ হবে।" সদর বাহিনীকে উৎখাত করতে গত মাসে বসরায় ইরাকি বাহিনীর অভিযান সফল হয়নি। বরং ওই অভিযানের পর মাহদি আর্মির সদস্যরা দেশের অন্যান্য অংশে বিশেষ করে দক্ষিণাঞ্চল ও রাজধানী বাগদাদে আরও সক্রিয় হয়ে ওঠে। এর আগে গত শুক্রবার সদরের বসরা কার্যালয় ঘিরে ফেলেছিল ইরাকি সেনারা। শুক্রবার সকাল থেকেই তারা সদর মুভমেন্টের কার্যালয়টি ঘিরে রাখে। যার কারণে ভবনের ভেতরে থাকা কর্মীরা জুমার নামাজ পড়তে যেতে পারেনি। সরকারি কর্মকর্তারা জানিয়েছিল, রাজনৈতিক দল ও গ্র"পগুলোর কাছ থেকে সরকারি মালিকানাধীন সব ভবনের দখল ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা হচ্ছে। বসরায় আল-সদরের কার্যালয়টি সাদ্দাম আমলে অলিম্পিক কমিটি ব্যবহার করত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৪৮ ঘ.