ম্যানিলা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/রয়টার্স)- খাদ্যদ্রব্যের দাম বাড়া নিয়ে যেসব দেশ সঙ্কটের মধ্যে আছে তাদেরকে অর্থ সহায়তা দিতে চায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এডিবি'র প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা শুক্রবার একথা জানিয়েছেন।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির সদর দপ্তারে কুরোদা সাংবাদিকদের জানান, বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দ্রুত মূল্যবৃদ্ধিতে এশিয়ার দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এই সঙ্কট মোকাবেলায় কিছু দেশ যে বাণিজ্য সীমাবদ্ধ করার মত যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে এডিবি তা সমর্থন করে না বলে তিনি জানান।
কুরোদা বলেন, "দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই সংকট মোকাবেলায় সহায়তার উপায় হল নির্দিষ্ট আয়ের দরিদ্র মানুষকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপের চেয়ে এটাই হবে কার্যকর পন্থা।"
এশিয়ার অনেকগুলে দেশের প্রধান খাদ্য ভাত। সেখানে চালের মূল্যবৃদ্ধি সামাজিক অস্থিরতার সৃষ্টি করতে পারে। এ কারণে চালের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে আছে এই অঞ্চলের অধিকাংশ দেশের সরকার।
সংকট মোকাবেলায় চাল রপ্তানিকারক অধিকাংশ দেশ চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে।
চালের মূল্যবৃদ্ধি সামাল দিতে অনেক দেশ ইতিমধ্যে ভর্তুকি দেওয়া শুরু করেছে। তবে দেশজুড়ে এ ধরনের ভতুর্কি ব্যয়বহুল। কাজেই এর পরিবর্তে নির্দিষ্ট দরিদ্রদের নগদ আর্থিক সহযোগিতার পরামর্শ দিয়েছে এডিবি।
কুরোদা বলেন, "এক্ষেত্রে এই সমস্ত দেশগুলোর সাহায্য প্রয়োজন হতে পারে। যে সমস্ত দেশে দরিদ্রদের সহযোগিতা করতে এ ধরনের সহায়তা প্রয়োজন হবে তাদেরকে আর্থিক সহায়তা করতে এডিবি প্রস্তুত।"
তিনি জানান, কোনো দেশ এখনও পর্যন্ত এডিবি থেকে সাহায্য চায়নি। তবে বাংলাদেশের মতো রাষ্ট্র যেখানে দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় সহিংসতা পর্যন্ত হয়েছে তারা সহায়তা পেতে পারে।
তবে সহায়তা হিসেবে কি পরিমাণ অর্থ দেওয়া হবে তা উল্লেখ না করলেও তিনি জানান, এডিবি'র এশিয়ান ডেভলোপমেন্ট ফান্ড থেকে দেশগুলো স্বল্প সুদে ঋণ পেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24