২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় কোয়ালিশন মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে

কেনিয়ায় বিতর্কিত নির্বাচন নিয়ে সহিংসতার পর ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে গঠিত কোয়ালিশন মন্ত্রিপরিষদ বৃহস্পতিবার শপথ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

নাইরোবি, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় বিতর্কিত নির্বাচন নিয়ে সহিংসতার পর ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে গঠিত কোয়ালিশন মন্ত্রিপরিষদ বৃহস্পতিবার শপথ নিয়েছে। প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি'র সরকারি বাসভবন স্টেট হাউসে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই ৪১ সদস্যের মন্ত্রিপরিষদ শপথ নেয়। নতুন মন্ত্রিপরিষদে প্রেসিডেন্ট কিবাকি ও নতুন প্রধানমন্ত্রী রেইলা ওডিঙ্গার দলের ২০ জন করে সদস্য থাকছেন। কেনিয়ার ইতিহাসে ওডিঙ্গা হচ্ছেন দ্বিতীয় প্রধানমন্ত্রী। এর আগে দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জুমো কেনেইতা এক বছরের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। গত ফেব্র"য়ারিতে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করার পর মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। ছয় সপ্তাহের এই অচলাবস্থা ভাঙতে গত শনিবার কিবাকি ও ওদিঙ্গা গোপনে বৈঠক করেন। এরপরই মন্ত্রিপরিষদের শপথের দিনক্ষণ নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার দেশে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেওয়ায় স্বস্তির নি:শ্বাস ফেলেছে কেনিয়াবাসী। একই সঙ্গে পূর্ব আফ্রিকার বৃহত্তর অর্থনীতির দেশটির বিনিয়োগকারীরাও সুদিনের আভাস পাচ্ছে। কেনিয়ার মুদ্র ও শেয়ার বাজার ইতিমধ্যে চাঙ্গা হয়ে উঠেছে। গত ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পর সৃষ্ট সহিংসতায় ধস নেমেছিল দেশটির অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যে। ওই সহিংসতায় এক হাজার দুশ'রও অধিক মানুষ নিহত এবং প্রায় তিন লাখ মানুষ গৃহচ্যুত হয়। ভূমির মালিকানা, সম্পদ ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে দীর্ঘ দিনের ক্ষোভ নির্বাচন পরবর্তী সহিংসতায় ইন্ধন যুগিয়েছিল বলে মনে করা হয়। মন্ত্রিপরিষদ আগামী এক বছরের মধ্যে সংবিধানের একটি নতুন খসড়া তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এতে ভূমির মালিকানা, সম্পদ ও ক্ষমতার ভাগাভাগির বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৫ ঘ.