হ্যানয়, এপ্রিল ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জীব বিজ্ঞানীরা ভিয়েতনামের উত্তরাঞ্চলে নরম খোলসের বিশাল আকৃতির কচ্ছপের সন্ধান পেয়েছেন। এই প্রজাতির কচ্ছপ বিলুপ্ত হয়ে গেছে বলেই ধারণা করা হয়ে আসছিল। বৃহস্পতিবার গবেষকরা একথা জানিয়েছেন।
দীর্ঘ তিন বছর খোঁজার পর এশিয়ার কচ্ছপ বিশেষজ্ঞরা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পশ্চিমাঞ্চলের একটি হ্রদে কচ্ছপটির সন্ধান পান এবং একে 'রাফেটাস সুইনহোয়েই' প্রজাতির বলে সনাক্ত করেন। জানামতে, এটিই ওই প্রজাতির একমাত্র জীবীত কচ্ছপ।
গবেষণায় অর্থ সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্রের 'ক্লেভল্যান্ড মেট্রোপার্ক জু' এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র চিড়িয়াখানার এশীয় কচ্ছপ কর্মসূচির ভিয়েতনাম ভিত্তিক সমন্বয়ক ডফ হেনড্রি বলেন, "এটি একটি বিস্ময়কর গুরুত্বপূর্ণ আবিস্কার। কেননা, বিশ্বের বিপন্ন প্রজাতির কচ্ছপের মধ্যে সুইনহোয়ে অন্যতম।"
সেই সঙ্গে তিনি আরও বলেন, "ভিয়েতনামের জনগণের মধ্যে এই প্রজাতির কিংবদন্তির মর্যাদা রয়েছে। আর এটাই ওই প্রজাতির কচ্ছপটির বেঁচে থাকার একটি সুযোগ।"
বিরল প্রজাতির এই কচ্ছপটি কোনো শিকারীর হাতে পড়া কিংবা বণ্য প্রাণী ব্যবসায়ীদেও হাতে পড়ে বিক্রি হয়ে যাওয়ার আশঙ্কায় গবেষক দলের সদস্য ও ভিয়েতনামের 'এডুকেশন ফর নেচার' এর গবেষক টিম ম্যাককোরমাক কোন হ্রদে কচ্ছপটির সন্ধান পাওয়া গেছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
এ ধরনের কচ্ছপের ওজন প্রায় ১৩৬ কেজি (৩০০ পাউন্ড) এবং দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন ফুট (০ দশমিক ৯১৪৪ মিটার) হয়ে থাকে। এর আয়ু হয় ১০০ বছরেরও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১১ ঘ.
bdnews24