কলম্বো, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কল্পবিজ্ঞানের গুরু আর্থার সি ক্লার্ককে শনিবার শ্রীলংকায় সমাহিত করা হয়েছে।
ব্রিটিশ বংশোদ্ভুত ক্লার্কের ইচ্ছানুযায়ী তার স্বনির্বাচিত আবাস শ্রীলংকাতেই তাকে সমাহিত করা হল। রাজধানী কলম্বোর প্রধান সমাধিক্ষেত্রে তার শেষকৃত্যানুষ্ঠানটিও হয় তারই নির্দেশিত "কঠোর ধর্মনিরপেক্ষ" আচারের মধ্য দিয়ে। (আরও তথ্যসহ-১ )
শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের আহ্বানে স্থানীয় সময় বেলা তিনটায় দেশব্যাপী এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাকে শেষশ্রদ্ধা জানায় শ্রীলংকাবাসী।
শেষকৃত্যানুষ্ঠানে '২০০১: এ স্পেস অডেসি' চলচ্চিত্রটির 'থিম মিউজিক' বাজিয়ে ক্লার্কের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। তার কাহিনী অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটির মাধ্যমেই খ্যাতির তুঙ্গে উঠেছিলেন ক্লার্ক।
সব জাতি-ধর্ম-বর্ণের সবার জন্য উন্মুক্ত ক্লার্কের শেষ্যকৃত্যানুষ্ঠানে যোগ দেন ভাই ও বোনসহ তার পরিবারের সদস্যরাও। ভাই ফ্রেড এবং বোন ম্যারি ছাড়াও ব্রিটেন ও অস্ট্রেলিয়া থেকে তার পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে সমাহিত করতে শ্রীলংকায় আসে।
গত বুধবার ৯০ বছর বয়সে আর্থার সি ক্লার্কের মৃত্যুর পর থেকেই বিশ্ব্যব্যাপী তাকে স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানী কলম্বোতে তার বাসভবনে সাদা স্যুট ও টাই পরিহিত ক্লার্কের মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত ছিল। হাজার হাজার শ্রীলংকাবাসীর মতো দেশটির প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসেও সেখানে এসে জগদ্বিখ্যাত এই লেখকের প্রতি শ্রদ্ধা জানান।
রাজাপাকসে বলেন, " এই বরেণ্য লেখক, মহাকাশ অভিযানের স্বপ্নদ্রষ্টা- প্রচারক, স্যাটেলাইট যোগাযোগের প্রবক্তা, মহান মানবতাবাদী ও পশুপ্রেমী মানুষটি আমাদের মাঝে ছিলেন বলে আমরা সবাই গর্বিত"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএইচবি/১৮০৬ ঘ.
bdnews24