ওয়াশিংটন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক দুরাবস্থার কারণে অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের জনগণ। চাকরির নিশ্চয়তা ও দেশের অর্থনৈতিক অবস্থার গতিপ্রকৃতি নিয়ে তারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। ভালো যাচ্ছে না মন-মেজাজ। একটি জরিপের ফলে বুধবার এ তথ্য পাওয়া গেছে।
রয়টার্স ও জাগবি'র এই জরিপ গত জুলাইয়ে শুরু হওয়ার পর থেকে মার্কিনিদের হতাশা এখন সর্বনিম্ন পর্যায়ে। গত ফেব্র"য়ারির ৯৯ দশমিক ৩ শতাংশ থেকে মার্চে তা ৮৭ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।
এছাড়া, বুশের জনপ্রিয়তা গত মাসের ৩৪ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৩২ শতাংশে। কংগ্রেসের জনপ্রিয়তা গত মাসের ১৭ শতাংশ থেকে কমে হয়েছে ১৫ দশমিক ৫ শতাংশ।
কর্মসংস্থান, ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা, সন্ত্রাসী হামলা থেকে নিরপত্তা ও দেশের অর্থনীতি নিয়ে মার্কিন জনগণের উদ্বেগই তাদের অসন্তোষ ও নিস্পৃহার প্রমাণ।
মাত্র ১৯ শতাংশ মার্কিনি মনে করে দেশ সঠিক পথেই এগুচ্ছে। অন্যদিকে, কেবল ৪০ শতাংশ তাদের কর্মসংস্থান নিরপদ বলে মনে করে। গত মাসে এই হার ছিল ৫০ শতাংশ।
জরিপ বিশেষজ্ঞ জন জগবি জানান, দেশের মানুষের মনোভাব নির্ণয় করতে এই প্রথমবারের মত জরিপের ১০টি পদ্ধতিই ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, "ইনডেক্স শুধু কমেনি, নাটকীয়ভাবে কমেছে। গত জুলাইয়ে আমরা জরিপ শুরুর পর ইনডেক্স এত নিম্নগামী কখনও হয়নি।"
রয়টার্স/জগবি'র এই জরিপ অনুযায়ী, প্রতি চারজন আমেরিকানের মধ্যে প্রায় তিনজন মনে করে তাদের অর্থনীতিতে মন্দা যাচ্ছে। আর হাউজিং ব্যবসায় অতি সত্ত্বর উন্নতির আশাও তারা দেখছে না।
প্রতি মাসের তৃতীয় বুধবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। চলতি মাসের ১৩ ও ১৪ তারিখে এক হাজার ৪ জন সম্ভাব্য ভোটারের মধ্যে এই জরিপ চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24