ব্রাসেলস, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বন্ধে গৃহীত পাঁচবছর মেয়াদি পরিকল্পনায় ন্যাটো মিত্র দেশগুলোর সমর্থন চায় ওয়াশিংটন। ২ থেকে ৪ এপ্রিল বুখারেস্টে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্র এই সমর্থন আহ্বান করবে। রয়টার্সের একটি প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
বিভিন্ন সূত্র থেকে রয়টার্সের কাছে আসা তথ্যে জানা গেছে, ওই পরিকল্পনা অনুযায়ী, ন্যাটো সহযোগী দেশগুলোকে অঙ্গীকার করতে হবে যে তারা সেনা স্বল্পতা ঠেকাতে আফগানিস্তানে সুপ্রশিক্ষিত এবং দক্ষ সেনা পাঠাবে। সেইসঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জামাদি সরবরাহ করবে।
আফগানিস্তানে সহিংসতা ছাড়া নির্বাচন অনুষ্ঠান, সেনাবাহিনীতে ৭০ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত সেনা এবং পুলিশ বাহিনীতে ৮২ হাজার পেশাদার পুলিশ নিয়োগ দেওয়াকে ওই পরিকল্পনার সফলতার মাপকাঠি হিসেবে নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনায় ন্যাটোর সকল সদস্যকে যুদ্ধের ভার সমানভাবে বহন করার মনোভাব গ্রহণ করার করার আহ্বান জানানো হয়েছে।
পেন্টাগনের প্রেস সচিব জিওফ মোরেল জানিয়েছেন, ন্যাটো কর্মকর্তরা শুক্রবার নির্দিষ্ট সময়ে পরিকল্পনার সর্বশেষ সংস্করণ হস্তান্তর করবে।
তবে মোরেল যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনায় কি প্রস্তাব করা হয়েছে সে সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ওই পরিকল্পনায় আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণের কথা বলা হলেও কবে নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার করা হবে সে সম্পর্কে কিছু বলা হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24