২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত হামলা বন্ধে চাদ-সুদান শান্তি চুক্তি

সুদানের সংঘাতময় দারফুরসহ ওই অঞ্চলে বিদ্রোহীদের আন্ত-সীমান্ত হামলা বন্ধে চুক্তি স্বাক্ষর করেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বাশির এবং চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবাই। সেনেগালের রাজধানী ডাকারে বৃহস্পতিবার তারা ওই চুক্তি স্বাক্ষর করেন। ডাকারে ওআইসি'র একাদশ শীর্ষ সম্মেলনের সুযোগে দেশদুটির মধ্যে ওই শান্তি চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ডাকার, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের সংঘাতময় দারফুরসহ ওই অঞ্চলে বিদ্রোহীদের আন্ত-সীমান্ত হামলা বন্ধে চুক্তি স্বাক্ষর করেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বাশির এবং চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবাই। সেনেগালের রাজধানী ডাকারে বৃহস্পতিবার তারা ওই চুক্তি স্বাক্ষর করেন। ডাকারে ওআইসি'র একাদশ শীর্ষ সম্মেলনের সুযোগে দেশদুটির মধ্যে ওই শান্তি চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও অর্গানাইজেশন ফর ইসলামিক কনফারেন্স (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইশানোগলুর উপস্থিতিতে স্বাক্ষরিত শান্তি চুক্তিতে চাদ-সুদান সীমান্তে সংঘাত বন্ধে পূর্বের চুক্তিগুলোও পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করা হয়েছে। সেনেগালের প্রেসিডেন্ট আব্দুউলায়ি ওয়ায়েদের মধ্যস্থতায় স্বাক্ষরিত ওই শান্তি চুক্তিতে বলা হয়েছে, "আমরা শ্রদ্ধার সঙ্গে প্রতিশ্র"তি দিচ্ছি সকল সশস্ত্র সংগঠনের কর্মকাণ্ড বন্ধে এবং নিজের অথবা আমাদের অন্য কোনো দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ আমরা সন্ত্রাসীদের দেব না।" তেল সমৃদ্ধ চাদ ও সুদানের নেতারা দুদেশের সম্পর্ক স্বাভাবিক করতে এবং তাদের মধ্যকার সকল মতবিরোধ সম্পূর্ণ মিটিয়ে ফেলতে রাজি হয়েছেন। বিদেশি কূটনীতিকেরা বলছেন, চাদের বিদ্রোহীরা সুদানের সংঘাতময় দারফুর অঞ্চলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে নিয়মিত চাদের ভেতর অভিযান চালিয়ে থাকে। অন্যদিকে সুদান সরকারের অভিযোগ চাদ সরকার দারফুর বিদ্রোহীদের মদদ দিয়ে আসছে। চাদের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় শরণার্থী শিবিরে বাস করে চাদের অন্যান্য অঞ্চল থেকে গৃহচ্যুত এবং সুদানের দারফুর থেকে আগত প্রায় পাঁচ লাখ মানুষ। সুদানের দারফুরে ২০০৩ সালে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় দুলাখ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৩১২ ঘ.