জাতিসংঘ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর বিদ্রোহিদের বিরুদ্ধে জাতিসংঘ অবরোধ আরোপে খার্তুমের দাবি সমর্থন করেছেন জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।
নিরাপত্তা পরিষদে দারফুর বিষয়ক এক জাতিসংঘ প্রতিবেদনের শুনানির পর চুরকিন বলেন, যুদ্ধবিরতি চুক্তি মেনে না চলার কারণে বিদ্রোহী দলগুলোর ওপর অবরোধ আরোপের সময় এসেছে।
তবে মার্কিন ও ব্রিটিশ প্রতিনিধিরা জানিয়েছেন, শাস্তিমূলক পদক্ষেপ নিতে হলে তা সুদান সরকার ও বিদ্রোহী উভয়ের বিরুদ্ধেই নিতে হবে। কেননা সংঘাতের জন্য উভয়ই দায়ি।
চুরকিন বলেন "বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন শুধু রাশিয়ার প্রতিনিধিরাই উত্থাপন করেছে।" তিনি আরও বলেন, "বিদ্রোহিরা শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে চলেছে।"
বিশেষজ্ঞদের হিসাবমতে, ২০০৩ সালে দারফুরে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় দুলাখ মানুষ নিহত ও কমপক্ষে ২৫ লাখ মানুষ গৃহহীন হয়েছে।সুদান সরকার বিদ্রোহ দমাতে আরব মিলিশিয়াদের দারফুরে পাঠিয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উপ-প্রধান এডমন্ড মুলেট দারফুরের বর্তমান পরিস্থিতি নিরাপত্তা পরিষদে তুলে ধরেন। তবে তার বক্তব্যে নতুন কোনো তথ্য ছিল না। বিভিন্ন দেশের প্রতিনিধিরা দারফুর পরিস্থিতিকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৪০ ঘ.
bdnews24