রিও ডি জেনিরো, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কারাগারে নির্যাতন হওয়ার কথা স্বীকার করায় বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা ডা সিলভার প্রশংসা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে মানবাধিকার সংগঠনটি আশা প্রকাশ করেছে, ব্রাজিল সরকার নির্যাতনের ইতি টানবে।
মঙ্গলবার এক ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন, "মারপিটে মানুষ সোজা হলে সব কয়েদিই সাজা শেষে সন্ন্যাসী হয়ে বের হতো।"
ব্রাজিলের অপরাধ-উপদ্রুত রিও ডি জেনিরো শহরে দেওয়া ওই ভাষণে লুলা আরও বলেন, "অপরাধ মোকাবেলায় আমরা সহিংস পথ অবলম্বন করব না। আমরা দরিদ্রদের চাকরি দেওয়ার মতো সুযোগ-সুবিধা দিয়ে অপরাধ মোকাবেলা করব।"
বুধবার এক বিবৃতিতে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্রেসিডেন্ট লুলার কথায় এ আশার সঞ্চার হয়েছে যে, ব্রাজিল সরকার নির্যাতন প্রক্রিয়া সমূলে উৎপাটনের চেষ্টা করবে।
বিবৃতিতে বলা হয়েছে, "ব্যাপক নির্যাতন ও মারপিট করা সম্পর্কে প্রেসিডেন্ট লুলার স্বীকারোক্তিকে প্রবল উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যে স্বীকারোক্তিতে ব্রাজিলের জেল প্রক্রিয়ার চিত্র ফুটে উঠেছে এবং পরিস্কার হয়েছে যে নির্যাতন চালানো গুরুতর জননিরাপত্তা বিষয়ক সমস্যার কোনো সমাধান বয়ে আনে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১৬ ঘ.
bdnews24