দিলি, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে গত সোমবার হত্যা প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নিহত বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাডোর আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ওই হত্যা প্রচেষ্টার পর জারি করা জরুরি আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই শতাধিক লোককে। সোমবার দেশটির প্রসিকিউটর জেনারেল এবং এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
প্রসিকিউটর জেনারেল বলেন, পূর্ব তিমুর ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক ৪০ বছর বয়সী ওই আইনজীবীকে রোববার রাজধানী দিলি থেকে গ্রেপ্তার করা হয়। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি তিনি।
এদিকে, পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্টকে হত্যা প্রচেষ্টার পর জারি করা জরুরি আইন লঙ্ঘনের দায়ে দুই শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোর্তা গত সোমবার ভোররাতে রাজধানী দিলিতে অবস্থিত বাসভবনে বিদ্রোহীদের গুলিতে গুরুতর আহত হন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন এবং তার অবস্থার উন্নতি হয়েছে। একইদিন সকালে প্রধানমন্ত্রী জানানা গুসমাওয়ের বাড়িতেও হামলা চালায় বিদ্রোহিরা। তবে ওই হামলায় গুসমাও অক্ষত থাকেন এবং বিদ্রোহী নেতা রেইনাডো নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩১৭ ঘ.
bdnews24