নরফোক, ভার্জেনিয়া, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপ্যাবলিকান দল থেকে মনোনয়ন প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় সিনেটর জন ম্যাককেইন এখন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থীদের প্রতি চ্যলেঞ্জ ছুঁড়ছেন। গত শুক্রবার তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার দিক দিয়ে ডেমাক্র্যাটরা দুর্বল এবং ইরাক যুদ্ধের বিষয়ে তারা যে অবস্থান নিয়েছে তাতে আল-কায়েদা লাভবান হবে।
ম্যাককেইনের এই অভিযোগ এবং ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও বারাক ওবামার জবাবের ফলে নির্বাচনী প্রচারণায় আবারও ফিরে এসেছে ইরাক যুদ্ধ।
ভার্জিনিয়ার নরফোকে নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকের পর অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন সাংবাদিকদের বলেন, হিলারি ও ওবামা ইরকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দিনক্ষণ ঠিক করতে চাইছেন।
তিনি বলেন, "আমি মনে করি এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হবে। আল-কায়েদা তখন বিশ্বকে দেখাতে চাইবে তারা আমাদের পরজিত করেছে। আর এরপর তারা আমাদের দেশেও হামলার চেষ্টা করবে।"
নৌবাহিনীর সাবেক পাইলট ম্যাককেইন বলেন, "হিলারি এবং ওবামা দু'জনেই ইরাক পরিস্থিতি বুঝতে পারছেন না। ইরাকে সহিংসতা কমিয়ে আনতে মার্কিন নীতি কাজ দেবে বলে তারা মনে করেন না।" হিলারি এবং ওবামা জানিয়ে দিয়েছেন নির্বাচিত হলে তারা ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করবেন।
ম্যাককেইনের এই বক্তব্যের জবাবে ইলিনয়সের সিনেটর বারাক ওবামা বলেন, "আমি মনে করি এক প্রজন্মের মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুল ইরাক যুদ্ধ। ম্যাককেইনও এক্ষেত্রে ভুল করছেন।"
তিনি আরও বলেন, "ইরাক যুদ্ধে জড়িয়ে আমাদের নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে। রক্ত ও সম্পদ দিয়ে আমাদেরকে এই ভুলের ক্ষতিপূরণ দিতে হচ্ছে।"
সাবেক ফাস্ট লেডি ও নিউইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন বলেছেন, আগামী নভেম্বরের নির্বাচনে তিনিই ম্যাককেইনকে মোকাবেলা করবেন এবং জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, স্বাস্থ্য সেবা সবকিছু নিয়েই তাদের মধ্যে বাকযুদ্ধ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৩৫০ ঘ.
bdnews24