মস্কো, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে দিতে রাজি হলে পোল্যান্ড ও চেক রিপাবলিক রাশিয়ার সেনাবাহিনীর হামলার লক্ষ্য হয়ে উঠতে পারে--- ঊর্ধ্বতন রুশ আইন প্রণেতা কনস্ট্যানটিন কোসাকয়োভ এই হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থাগুলো সোমবার কোসাকয়োভের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়া নিয়ে পোল্যান্ড ও চেক রিপাবলিকের আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান কোসাকয়োভ এই মন্তব্য করলেন।
রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থায় কোসাকয়োভ এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "মার্কিন ক্ষেপণাস্ত্র গড়ার ব্যাপারে তৃতীয় কোনো দেশের সংশ্লিষ্টতা থাকলে সেইসব দেশ জিম্মি হবে এবং পরিস্থিতির শিকার হবে।"
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা কোসাকয়োভের উদ্ধৃতি দিয়ে বলেছে, "তারা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বেছে নিলে তাদের নিরাপত্তায় এর প্রভাব পড়বে। কারণ, যুক্তরাষ্ট্রের ওই ব্যবস্থা দেশগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শামিল হবে। আর তার চেয়েও খারাপ যে ব্যাপারটি ঘটবে তা হল, তারা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যে পরিণত হবে।"
ইরানের মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকি মোকাবিলার যুক্তিতে যুক্তরাষ্ট্র ইউরোপের দুই দেশ পোল্যান্ড ও চেক রিপাবলিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা করেছে। কিন্তু এই ব্যবস্থাকে রাশিয়ার প্রতি হুমকি হিসাবেই দেখছে মস্কো।
সেকারণে রাশিয়া গোঁড়া থেকেই এ ব্যবস্থার ঘোর বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৮ঘ.
bdnews24