ইসলামাবাদ, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলার জন্য ভারতের অভিযুক্ত জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবার শিবিরে রোববার ঝটিকা অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দুটি সূত্র একথা জানিয়েছে।
স্থানীয় অধিবাসী নিসার আলী রয়টার্সকে জানান, পাক শাসিত কাশ্মিরের রাজধানী মুজাফফরবাদের উপকণ্ঠে শাওয়াই এলাকায় বিকালে অভিযান শুরু হয়।
আলী বলেন, "গোটা এলাকাটি সীল করে দেওয়ার কারণে এ ব্যাপারে আমি বিস্তারিত কিছু জানি না। তবে সন্ধ্যায় সেখানে একটি সেনা হেলিকপ্টার নামার পর বিকট দুটো বিস্ফোরণের শব্দ শুনেছি।"
লস্কর-ই-তৈয়্যবা সংশ্লিষ্ট জামাত-উদ-দোওয়া দাতব্য সংস্থার কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা বাহিনী শিবিরটি দখল করে নিয়েছে।
মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত দ্রুত পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। এই চাপের মুখে লস্কর ই তৈয়্যবার শিবিরে পাকিস্তানের এই ঝটিকা অভিযান সম্পর্কে ভারতের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
মুম্বাই পুলিশের ভাষ্য, হামলাকারীরা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়্যবার নির্দেশেই ওই হামলা চালিয়েছে। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার জন্য এই দলটিকেই দায়ী করা হয়।
কাশ্মিরে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় গড়ে উঠেছে লস্কর-ই-তৈয়্যবা। তবে বিশ্লেষকরা বলছেন, এই দলটি এখন বিশ্বব্যাপী মুসলিম জঙ্গি তৎপরতায় শামিল হয়েছে। দলটির সঙ্গে আল-কায়েদার সরাসরি সংযোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫৭ ঘ.
bdnews24