২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলা নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

মুম্বাই হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতের অভিযোগে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে প্রায় ২০০ মানুষ। ভারতের অভিযোগ, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে। কিন্তু পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান বলেছে, ভারতের এমন অভিযোগ উত্তেজনা বাড়াচ্ছে। হুমকির মুখে পড়ছে সম্পর্কন্নোয়নের প্রচেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 06:03 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

মুম্বাই, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতের অভিযোগে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে প্রায় ২০০ মানুষ। ভারতের অভিযোগ, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে। কিন্তু পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান বলেছে, ভারতের এমন অভিযোগ উত্তেজনা বাড়াচ্ছে। হুমকির মুখে পড়ছে সম্পর্কন্নোয়নের প্রচেষ্টা। ভারতের কর্মকর্তারা বলেছেন, মুম্বাইয়ে বন্দুক এবং গ্রেনেড নিয়ে হামলা চালানো ১০ হামলাকারীর সবাই পাকিস্তান থেকে আসা। কিন্তু এ ঘটনায় কোনও ধরনের সংশ্লিষ্টতা থাকার অস্বীকার করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ইসলামাবাদে এক কর্মকর্তা বলেছেন, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে আগামী দু'একদিন খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান মুম্বাই হামলার নিন্দা জানিয়েছে এবং ওই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেছে। কিন্তু ভারতে যে পাকিস্তানকে ঘোর সন্দেহের দৃষ্টিতেই দেখা হয় তার প্রমাণ মিলেছে শনিবারের ঘটনায়। এদিন ভারতের নিরাপত্তা বাহিনী তাজমহল হোটেল সর্বশেষ জঙ্গিমুক্ত করার পর সেখানকার বিক্ষুব্ধ জনতা 'আমাদের সেনারা এল, পাকিস্তান পালালো' বলে স্লোগান দিয়েছে। পাকিস্তানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, উত্তেজনা আরও বেড়ে গেলে তারা আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে ভারত সীমান্তে সেনা মোতায়েন করবেন। এক সংবাদ ব্রিফিংয়ে ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "ওই ফ্রন্টে কিছু হলে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে অগ্রধিকার দেব না। তখন আমরা পশ্চিম সীমান্ত খালি করে দেব। সেখানে আর কিছু অবশিষ্ট রাখব না।" উচ্চপদস্থ আরেক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা দ্রুত বাড়ছে। আগামী ২৪-৪৮ ঘন্টায় তাদের চিন্তা-ভাবনা পরিস্কার হবে। আমরাও পরিস্থিতি সম্পর্কে পরিস্কার ধারণা পাব। মুম্বাইয়ের সন্ত্রাসী হামলাকে ভারত তাদের জন্য ৯/১১ আখ্যা দিয়েছে। এ পর্যন্ত পরিচালিত তদন্তে মুম্বাই হামলায় কয়েকটি পাকিস্তান ভিত্তিক গ্র"প জড়িত থাকার আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে ভারত। বিবিসি জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে মারাত্মক টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। মন্ত্রিসভার জরুরি এক বৈঠকের পর কুরেশি সাংবাদিকদের একথা বলেন। তবে এ সংকট সামাল দেওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। পাকিস্তান মুম্বাই হামলার ঘটনা তদন্তে ভারতকে সাহায্যের প্রস্তাব দেওয়ার পাশাপাশি এতে পাকিস্তানি কোনও পক্ষ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। শনিবার মুম্বাই শহর জঙ্গিদের কবল থেকে মুক্ত ঘোষণা করে ভারতীয় পুলিশ। হামলার তিনদিন পর কমান্ডোরা তাজ হোটেলে শেষ জঙ্গিকে হত্যা করে এর নিয়ন্ত্রণ নিলে শেষ হয় রক্তাক্ত অধ্যায়ের। জঙ্গিদের হামলা-হত্যা ও লড়াইয়ে সর্বশেষ হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা প্রায় ২০০। পুলিশ জানায়, হামলার চালানোর জন্য মুম্বাইয়ে এসেছিল ১০ সন্ত্রাসী। এদের মধ্যে ৯ জন নিহত ও একজন গ্রেপ্তার হয়েছে। জঙ্গিরা গত বুধবার রাতে মুম্বাইয়ের বিখ্যাত তাজমহল ও ওবেরয়-ট্রাইডেন্ট হোটেলসহ ১০টি স্থাপনায় একযোগে হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫৫ ঘ.